ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বসুন্ধরাকে চ্যালেঞ্জ ফর্টিস এফসির 

বসুন্ধরাকে চ্যালেঞ্জ ফর্টিস এফসির 
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১১:৪৮

বসুন্ধরা কিংসকে বাদ দিলে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের সেরা চার দলের নাম দেখে অনেকের মধ্যে বিস্ময় জাগবে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং দেশের আরেকটি জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড নেই সেরা চারের মধ্যে। ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে কিংস। এবারের মৌসুমে বড় চমক ফর্টিস ফুটবল ক্লাবের। ফুটবল লিগের সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে করপোরেট ক্লাবটি। পেশাদারিত্বের চূড়ান্ত নিদর্শন ধরে রাখা ফর্টিস চ্যালেঞ্জ জানাচ্ছে বসুন্ধরা কিংসকে। ফর্টিসের পরের দুটি স্থানে আছে রহমতগঞ্জ ও পুলিশ এফসি। তবে একটা বিষয় লক্ষণীয় ১০ দলের কেউই অপরাজিত নয়।

চলতি মৌসুমে ফেডারেশন কাপ কিংবা বাংলাদেশ ফুটবল লিগ– দুটি প্রতিযোগিতাতেই ধারাবাহিক ফর্টিস এফসি। গত অক্টোবরে লিগে বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হারের পর অপরাজিত তারা। লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে টানা সাত ম্যাচে অপ্রতিরোধ্য ফর্টিস। শেষ হওয়া সাত রাউন্ডে দলগুলোর মধ্যে সবচেয়ে কম গোল হজম করেছে তারা। তাদের জালে মাত্র দুবার বল পাঠাতে পেরেছে প্রতিপক্ষ। লিগে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়েছে। শক্তিশালী ঢাকা আবাহনীর সঙ্গে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি করেছে পুলিশ এফসির বিপক্ষে। এই পুলিশ এফসি সর্বশেষ ম্যাচে হারিয়েছে কিংসকে। 

লিগ টেবিলে দুইয়ে থাকার স্বস্তি যেমন আছে, তেমনি করে ফেডারেশন কাপেও এখন পর্যন্ত নিজেদের গ্রুপ পর্বে শীর্ষে ফর্টিস। গ্রুপ ‘বি’তে তিন ম্যাচে ৫ পয়েন্ট তাদের। তবে এই গ্রুপে মোহামেডান ও পুলিশ খেলেছে দুটি করে ম্যাচ, বসুন্ধরা খেলেছে একটি। দলের ভালো করার পেছনে ক্লাবের কর্ণধারদের কৃতিত্ব দিচ্ছেন ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম। 

গতকাল সমকালের সঙ্গে তিনি বলেন, ‘ফর্টিসের এই ভালো করার পেছনে প্রথমে খেলোয়াড়রা কৃতিত্ব পাবেন। খেলোয়াড়রা ভালো রেজাল্ট করার ব্যাপারে কমিটেড। সেই কমিটেডের পেছনে আবার ক্লাবের প্রেসিডেন্ট ও গ্রুপের এমডিকে কৃতিত্ব দিতে হবে। অন্যান্য ক্লাবের পারিশ্রমিক নিয়ে সমস্যার কথা শোনা যায়। কিন্তু আমাদের খেলোয়াড়রা মাসের প্রথম সপ্তাহেই বেতন পেয়ে থাকেন। ক্লাবের কর্ণধাররা তাদের কমিটমেন্ট রক্ষা করেন বিধায় খেলোয়াড়রা মাঠে নিজেদের উজাড় করে দেন। কোচিং স্টাফ দক্ষতার সঙ্গে খেলোয়াড়দের সামলাচ্ছেন।’

ঘরোয়া ফুটবলের এবারের আসরে আলোচনায় ফুটবলারদের পারিশ্রমিক। মোহামেডান যে খেলোয়াড়-কোচিং স্টাফের বেতন দিচ্ছে না, তা এখন সবারই জানা। অন্য ক্লাবগুলোও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে উদাসীন। যেখানে ব্যতিক্রম ফর্টিস এফসি। এর প্রভাব পড়ছে খেলাতে। করপোরেট ক্লাবের মধ্যে একমাত্র ফর্টিসই ফুটবলারদের পাওনা নিয়ে সচেতন। যে কারণে সাফল্য পাচ্ছে তারা। 

আরও পড়ুন

×