সবার আগে টাকা পেলেন রাজশাহীর ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৪:৫৯
এবার বিপিএলের সুশৃঙ্খল ফ্র্যাঞ্চাইজি হতে পারে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের সব নিয়ম এখন পর্যন্ত ঠিকঠাক পালন করেছে তারা। দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে চ্যাম্পিয়নশিপ জেতার জন্য দল গড়েছে। আন্তর্জাতিক মানের বিদেশি ক্রিকেটার দলে নিয়ে টুর্নামেন্টের জৌলুস বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক নাবিল গ্রুপ।
ক্রিকেটারদের সম্মানী দেওয়ার প্রতিযোগিতায়ও শীর্ষে তারা। গতকাল দলটির ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফদের সম্মানীর প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এই দলের কোচ হান্নান সরকারের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের ফ্র্যাঞ্চাইজি সুনামের সঙ্গে সবকিছু করছে। বিসিবি পেমেন্টের যে স্লট ভাগ করে দিয়েছে, সেই টাকা পেয়েছি আজ। সবাইকেই দেওয়া হয়েছে। আশা করি, বাকি সম্মানীও যথাসময়ে পরিশোধ করবে।’
রাজশাহী প্রথম কিস্তির টাকা দেওয়ার পরই বাকি ফ্র্যাঞ্চাইজিদের নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে বিসিবি। লিগের খেলার শুরুর আগেই ২৫ শতাংশ সম্মানী পরিশোধ করতে ‘মেমো’ জারি করা হয়েছে। লিগ পর্বের খেলা শেষ হওয়ার আগে দিতে হবে ৫০ শতাংশ টাকা। বিপিএল শেষ হওয়ার এক মাসের মধ্যে দিতে হবে বাকি ২৫ শতাংশ। এই টাকা পরিশোধ করা হলেই বিসিবিতে জমা দেওয়া ব্যাংক জামানত ফেরত পাবে তারা। বিপিএলের লভ্যাংশের ভাগ পেতে হলেও ক্রিকেটারদের সম্মানী পরিশোধ করতে হবে।
খেলা শুরুর আগে প্রথম কিস্তির টাকা পরিশোধ করায় রাজশাহী ওয়ারিয়র্সকে ধন্যবাদ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এ ব্যাপারে সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘খুবই ভালো একটি সংবাদ। রাজশাহীর খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফরা টাকা পেয়েছে। আশা করি, বাকি পাঁচ ফ্র্যাঞ্চাইজিও মাঠে খেলা শুরুর আগে নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ টাকা পরিশোধ করবে।’
- বিষয় :
- বিপিএল
- রাজশাহী ওয়ারিয়র্স
