গোলশূন্য ড্রয়ে কিংস-মোহামেডান দ্বৈরথ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৯:০৪
মাঠের বাইরের উত্তাপ মাঠে ছড়ালো ঠিকই, কিন্তু গোলের দেখা পেল না কেউ। ফেডারেশন কাপের হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানকে। মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছিল। তবে ফিনিশিংয়ের দুর্বলতা আর গোলরক্ষকদের দৃঢ়তায় জালের দেখা মেলেনি। প্রথমার্ধের ৪৫ মিনিটে মোহামেডানের জালে বল জড়িয়েছিল বসুন্ধরা কিংস। বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো বলে রাকিব হোসেন গোল করেন। কিন্তু অফসাইডে বাতিল হয় গোলটি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মুজাফ্ফরভের দুর্দান্ত ফ্রি-কিক রুখে দিয়ে কিংসকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ম্যাচের একদম শেষ দিকে মোহামেডানের স্যামুয়েল বোয়াটেং নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও তপু বর্মনের ব্লকিংয়ে গোলবঞ্চিত হয় আলফাজ আহমেদের শিষ্যরা।
এই ড্রয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ফর্টিস এফসি। অন্যদিকে, দুই মাসের বেশি সময় পর ফেডারেশন কাপে নামা বসুন্ধরা কিংস ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চতুর্থ স্থানে। গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে খেলবে।
- বিষয় :
- ফেডারেশন কাপ ফুটবল
- বসুন্ধরা কিংস
- মোহামেডান
