ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিপিএলের টানে আমিরাত ছাড়লেন ফিজ-তাসকিন

বিপিএলের টানে আমিরাত ছাড়লেন ফিজ-তাসকিন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৩:৪২

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি২০) মাতানো শেষে দেশে ফিরছেন বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিসিবির দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ ২৩ ডিসেম্বর শেষ হওয়ায় টুর্নামেন্টের মাঝপথেই ফিরতে হচ্ছে তাদের। মূলত আসন্ন বিপিএল উপলক্ষেই টুর্নামেন্টের মাঝেই তাদের দেশে আসা। 

আইএল টি-টোয়েন্টিতে নিজের জাত চিনিয়েছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। দুবাই ক্যাপিটালসের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে দেশে ফিরছেন তিনি। ৮.০৮ ইকোনমিতে ৮ ম্যাচে ফিজের শিকার ১৫ উইকেট। তালিকার শীর্ষে থাকা সতীর্থ ওয়াকার সালামখিলের (১৭ উইকেট) চেয়ে মাত্র ২ উইকেট পিছিয়ে তিনি। তবে সালামখিল এক ম্যাচ বেশি খেলেছেন। মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালসও আছে সুবিধাজনক অবস্থানে। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।

এদিকে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলা তাসকিন আহমেদের শুরুটা হয়েছিল বেঞ্চে বসে। দেরিতে একাদশে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরার পর্যাপ্ত সময় পাননি এই স্পিড স্টার। ৮.৭৫ ইকোনমিতে ৬ ম্যাচে তার শিকার ৯ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যৌথভাবে ১০ নম্বরে আছেন তিনি। তাসকিনের ব্যক্তিগত পারফরম্যান্স মোটামুটি হলেও তার দলের অবস্থা নাজুক। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে (৬ষ্ঠ স্থানে) ধুঁকছে শারজাহ ওয়ারিয়র্স। প্লে-অফের আশা টিকে আছে কেবল কাগজে-কলমে।

টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছিলেন দুই সতীর্থ। এই লড়াইয়েও শেষ হাসি হেসেছেন মুস্তাফিজ। তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই টপকে যায় ফিজের দুবাই। বল হাতেও এদিন এগিয়ে ছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। অন্যদিকে ৩.১ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন তাসকিন।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। জাতীয় দলের এই দুই তারকাকে এবার বিপিএলে দেখা যাবে ভিন্ন দুই ফ্রাঞ্চাইজির জার্সিতে।

আরও পড়ুন

×