দল ছাড়াকে ‘হিট অব দ্য মোমেন্ট’ বললেন সুজন
সংবাদ সম্মেলনে খালেদ মাহমুদ সুজন।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ২০:৪৩
বিপিএল শুরু শুক্রবার। প্রথম দিনের দুই ম্যাচের টিকিট শেষ। ভালো এই খবরের মধ্যে টুর্নামেন্ট শুরুর আগের দিন সাড়া ফেলেছে বিতর্কিত দুই খবর। দল পরিচালনায় অপারগ চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিজেদের হাতে নিয়েছে বিসিবি। পরেই ক্রীড়া সামগ্রীর অভাব ও অব্যস্থাপনার অভিযোগে নোয়াখালী এক্সপ্রেস ছাড়ার ‘ঘোষণা’ দেন দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও সিনিয়র সহকারী কোচ তালহা জুবায়ের।
অভিমান ভেঙে পরেই সুজন দলে যোগ দিয়েছেন। সব ‘দায়’ নোয়াখালী এক্সপ্রেস থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তা ইমরানকে হাসানকে দিয়েছেন। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন। দল ছাড়ার বিষয়টি ‘হিট অব দ্য মোমেন্টে’ করে ফেলেছেন।
শুক্রবার বিপিএল শুরুর প্রথমদিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী। তার আগে এমন বিতর্কের বিষয়ে সুজন বলেন, ‘এটা কেবলই ভুল বোঝাবুঝি। হিট অব দ্য মোমেন্ট। টিম মালিক ও বিসিবি আমার সঙ্গে কথা বলেছে। অনুশীলনে এসে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও ক্রীড়া সামগ্রী পাইনি। তখনই মেজাজ খারাপ হয়েছে। এসব নিয়ে জানতে চাইলে একটু খারাপ ব্যবহার করেছে। আমার তখন মনে হয়েছে- এখনই যদি এমন ব্যবহার করে, দল হারলে কী করবে!’
খারাপ ব্যবহার প্রসঙ্গে জানা গেছে- শুরুতে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে লজিস্টিক ম্যানেজার হিসেবে যুক্ত ছিলেন ইমরান হাসান। কোচ সুজনের সঙ্গে বৃহস্পতিবার তার উচ্চবাচ্য হয়েছে। ইমরানের ওপর ক্ষোভ দেখিয়েই দল ছেড়ে যান সুজন। সংবাদ সম্মেলনে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর লজিস্টিকের দায়িত্ব থেকে ইমরানকে অপসারণ করা হয়েছে।
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন- বিসিবি থেকে ১৭ ডিসেম্বর তাদের নির্দেশনা দিয়ে ইমরানকে দলের সঙ্গে না রাখতে বলা হয়। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তি ফোন করার কারণ জানেন না কোচ সুজন। তিনি জানান, দল থেকে ইমরানকে অপসারণের বিষয়টি তিনি জানতেন না। দলের সঙ্গে আছেন জেনেই তিনি ফোন ধরেছিলেন। দলের ক্রীড়া সামগ্রী, সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার এক পর্যায়ে ক্ষুব্ধ হন সুজন।
সাবেক ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ সুজন জানিয়েছেন, নোয়াখালী এক্সপ্রেস নিয়ে তিনি ও তার দল খুশি। দলটি এরই মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী, ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে, ‘আমার ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমি খুশি। উনারা কথা রাখছেন, প্রতিশ্রুত অর্থ দিয়ে দিয়েছেন। আশা করছি, পুরো টুর্নামেন্টে তারা থাকবেন। তারা খুবই তরুণ। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে।’
