ছেলেকে দূর থেকে দেখেই যেন বেশি খুশি জিদান
জিদান ও তার ছেলে লুকা জিদান। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৭:১৮
অসংখ্যবার কাছ থেকে লুকা জিদানের খেলা দেখেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের বিকল্প গোলরক্ষক ছিলেন লুকা। জিদান তখন লস ব্লাঙ্কোসদের কোচ। এরপর জিদান রিয়াল ছেড়েছেন। লুকাও নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। মাঝে কেটে গেছে বেশ কটা বছর।
লুকা জিদান এখন নতুন ভূমিকায়। খেলছেন আন্তর্জাতিক ফুটবল। তবে সেটা বাবার বিশ্বকাপ জয়ী দেশ ফ্রান্সের জার্সিতে নয়। বরং বাবা জিদানের শরীরে যে দেশের রক্ত বইছে সেই আলজেরিয়ার জার্সিতে। নতুন ভূমিকায় লুকা জিদানকে দেখতে তাই গ্যালারিতে ছুঁটে গিয়েছিলেন জিজু নিজে।
রাবাতে মৌউলে হাসান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রিয়াদ মাহারেজের জোড়া গোলে সুদানকে ৩-০ ব্যবধানে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপে শুভসূচনা করেছে লুকা জিদানের দল আলজেরিয়া। মরক্কোর রাজধানীর এ ম্যাচে গ্যালারিতে ছিলেন জিজু।
কিংবদন্তি পিতার সামনে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভালোই করেছেন লুকা। দারুণ কিছু সেভ দিয়েছেন তিনি। পুত্রের খেলা দেখার পাশাপাশি আলজেরিয়ার জয় গ্যালারিতে উপভোগ করেছেন জিদান। ছেলেকে ট্রেনিংয়ে কাছ থেকে দেখার চেয়ে গ্যালারি থেকে দেখেই যেন বেশি গর্বিত তিনি।
গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে উগান্ডার বিপক্ষে আলজেরিয়া জাতীয় দলে অভিষেক হয় তাঁর। নিয়মিত গোলরক্ষক আলেক্সান্দে ওউকিজার চোটে নেশন্স কাপে সুদানের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান তিনি। ‘ক্লিন শিট’ নিয়ে মাঠ ছেড়ে সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রেনাডায় খেলা লুকা।
গ্যালারিতে থাকা জিদানকে যখনই স্ক্রিনে দেখানো হয়েছে, উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন আলজেরিয়ার সমর্থকরা। পিতৃভূমির দারুণ পারফরম্যান্স দেখে গ্যালারিতে জিদানও হাস্যোজ্জ্বল ছিলেন। গত দুই নেশন্স কাপে জয়ের দেখা না পেয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আলেজেরিয়া। এবার জয় দিয়ে আসর শুরু করেছে তারা। আর পূর্বপুরুষের ভূমির হয়ে খেলতে পেরে দারুণ খুশি লুকা জিদান।
দাদা ইসমাইল জিদানের উৎসাহে তিনি আলজেরিয়াকে বেছে নিয়েছেন বলে জানান তিনি, ‘দাদার কথা চিন্তা করেই আমি আলজেরিয়ার পক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছি। তাঁর সঙ্গে আমি পরামর্শ করেছি। আমি আলজেরিয়াকে বেছে নেওয়ায় তিনি খুব খুশি হয়েছেন। আমি যতবারই জাতীয় দলে ডাক পেয়েছি, প্রতিবারই দাদার ফোন পেয়েছি। প্রতিবারই তিনি বলেন, আমি একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছি এবং তিনি আমার জন্য গর্বিত।’
জিনেদিন জিদানও তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছেন বলে জানান লুকা, ‘তিনিও আমাকে সমর্থন করেছেন। বাবা আমাকে বলেছেন, এটা পুরোপুরি তোমার বিষয়। আমি তোমাকে পরামর্শ দিতে পারব। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে।’ জাতীয় দলের হয়ে মাঠে নামা দুই ম্যাচেই জার্সিতে লুকা নাম ছিল। ২৭ বছর বয়সী এ গোলরক্ষক জানিয়েছেন, দাদার সম্মানে জাতীয় দলের আগামী ম্যাচে ‘জিদান’ লেখা জার্সি পরে খেলবেন তিনি।
- বিষয় :
- জিনেদিন জিদান
