অস্ট্রেলিয়ায় রিশাদ ঝলক, এক ম্যাচেই নিলেন ৩ উইকেট
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৮:২৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৯:০৬
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বল হাতে রীতিমতো ভেলকি দেখাচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তার ঘূর্ণি জাদুতে কুপোকাত পার্থ স্কর্চার্স। রিশাদের ৩ উইকেটের সুবাদে হোবার্ট হারিকেন্স প্রতিপক্ষকে আটকে দিয়েছে ১৫০ রানে।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। শুরুতেই মিচেল মার্শকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন রাইলি মেরিডিথ। এরপরই আসেন রিশাদ। কুপার কনলিকে আউট করে শুরু করেন উইকেট শিকার।
পার্থের হয়ে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন ফিন অ্যালেন। ৪৩ রান করা এই ব্যাটারকে মিচেল ওয়েন ফেরালেও অন্য প্রান্তের ব্যাটারদের স্বস্তিতে থাকতে দেননি রিশাদ। অ্যারন হার্ডিকে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে দেননি তিনি।
তবে পার্থের জন্য বিপজ্জনক হয়ে উঠছিল লরি ইভান্স ও নিক হবসনের জুটি। ২৪ বলে ৪৫ রান যোগ করে যখন ইভান্স ও হবসন জুটি চোখ রাঙাচ্ছিল, তখনই ত্রাতা হয়ে আসেন রিশাদ। ইভান্সকে ফিরিয়ে ভাঙেন জুটি। নিজের কোটার ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন এই বাংলাদেশি তারকা।
শেষ পর্যন্ত নিক হবসনের ২৯ রানের সুবাদে ১৫০ রানের পুঁজি পায় পার্থ। হোবার্টের হয়ে মেরিডিথ ২টি এবং নাথান এলিস, ওয়েন ও রেহান আহমেদ ১টি করে উইকেট নেন।
- বিষয় :
- বিগ ব্যাশ
- রিশাদ হোসেন
