শান্তদের বিপক্ষে বোলিংয়ে ঢাকা, খেলছেন না তাসকিন
তাসকিন আহমেদ। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২:২১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৬
বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে শুরুতে বোলিং করবে ঢাকা ক্যাপিটালস। তবে দলটির জন্য বড় ধাক্কা হলো- খেলছেন না পেসার তাসকিন আহমেদ। তিনি ১৫ জনের দলে নেই।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, তাসকিন আইএলটি-২০ খেলে দেশে ফিরলেও সিলেটে দলের সঙ্গে যোগ দেননি। ঢাকাতেই আছেন। তিনি অসুস্থ বলে জানানো হয়েছে।
রাজশাহী ম্যাচ খেলার অভিজ্ঞতা নিংড়ে দেওয়ার সুযোগ পাচ্ছে। ঢাকা ক্যাপিটালসের চেয়ে বেশি প্রস্তুতিও নিয়েছে কোচ হান্নান সরকারের দল। সেদিক থেকে রাজশাহীর সুবিধা বেশি মনে হলেও কৌশলগত সুবিধা পেতে পারে ঢাকা।
গতকাল সমকালকে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘একদিন পরে খেলার কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে। কারণ আমরা লাইভ ম্যাচ দেখছি। উইকেট ও আউট ফিল্ড সম্পর্কে ধারণা নিতে পারছি। প্রতিপক্ষের বোলার ও ব্যাটারদের সম্পর্কেও একটা ধারণা নেওয়া সম্ভব হচ্ছে। এগুলো কিছুটা সুবিধা দিতে পারে।’
ঢাকা দল হিসেবে খারাপ না। দেশি-বিদেশি মিলিয়ে রাজশাহীর কাছাকাছি শক্তির। পাকিস্তানি সালমান মির্জা একাদশে আছেন। পাকিস্তানের বাঁহাতি এ ফাস্ট বোলারের ছন্দে থাকা ঢাকার জন্য সুখবর। মোহাম্মদ সাইফউদ্দিন তাঁর বোলিং ক্লিক করে গেলে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। সঙ্গে ইমান ওয়াসিম, সাইফ হাসানরা আছেন ঢাকার একাদশে। শামীম পাটোয়ারি, সাব্বির রহমান ও নাসির হোসেনও খেলছেন।
ঢাকার একাদশ: সাইফ হাসান, ওসমান খান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সালমান মির্জা, জিয়াউর রহমান।
রাজশাহীর একাদশ: তানজিদ তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মোহাম্মদ নওয়াজ, তানজিম সাকিব, এমএস মেহরব, বিনুরা ফার্নান্দো, আব্দুল গাফ্ফার, সন্দীপ লামিচানে।
- বিষয় :
- বিপিএল
- বিসিবি
- তাসকিন আহমেদ
