জিতেও পিচের সমালোচনায় স্টোকস
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫৩
১৫ বছর এবং ১৮ টেস্ট পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। দীর্ঘ খরা কাটলেও মেলবোর্নের পিচের সমালোচনা করতে ছাড়েননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর মতে, এই পিচ টেস্টের জন্য আদর্শ নয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এতটা সমালোচনা করেননি। তাঁর মতে, উইকেট বোলারদের জন্য একটু বেশি সহায়ক ছিল।
দুই দিনে মেলবোর্ন থেকে জয় তুলে নেওয়ার পর স্টোকস বলেন, ‘এখন পর্যন্ত সফরটা বেশ কঠিন, সেটি দল হিসেবে। তবে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় জেতা দলের অংশ হতে পেরে ভালো লাগছে।’
এরপরই মেলবোর্নের পিচের সমালোচনা করেন তিনি, ‘আমরা জিতেছি। সত্যি বলতে আমাদের প্রত্যাশায় এটা (পিচের আচরণ) ছিল না। বক্সিং ডে টেস্ট; আপনি চাইবেন না এটি দুই দিনে শেষ হয়ে যাক। এটি আদর্শ নয়। এসব বিষয় এক পাশে সরিয়ে বলতে পারি, মাঠের কন্ডিশনে মুখোমুখি হয়ে সাফল্য পেতে সেরা কৌশলটাই বেছে নিতে হয়। রান তাড়ায় আমরা যেভাবে খেলেছি, তাতে আমি সত্যিই গর্বিত।’
ইংল্যান্ড দলের সমর্থকগোষ্ঠী বার্মি আর্মির ভূয়সী প্রশংসা করেছেন তিনি, ‘বার্মি আর্মি খুবই স্পেশাল। পুরোটা সময় তারা বিরামহীনভাবে উৎসাহ দিয়ে গেছে। মাঠের একেবারে মাঝে যারা ছিল, তারাও পরিষ্কার শুনেছে ও অনুভব করেছে তাদের এই উৎসাহ।’
মেলবোর্নে জয়ের জন্য প্রতিপক্ষ ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘একটু কঠিন ছিল। ম্যাচটা খুব দ্রুতই শেষ হলো। আমরা যদি দুই ইনিংসে আরও ৫০ থেকে ৬০ রান বেশি করতে পারতাম, তাহলে হয়তো হতো।’
- বিষয় :
- বেন স্টোকস
