দলেই নেই সৈকত, নোয়াখালীর নতুন অধিনায়ক হায়দার
নোয়াখালীর নতুন অধিনায়ক হায়দার আলী।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৮:০৩
অধিনায়ক ঘোষণায় সবচেয়ে বড় চমকটা সম্ভবত দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। অলরাউন্ডার সৈকত আলীর কাঁধে নেতৃত্বভার দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। যার একাদশে জায়গা পাকা কিনা তা নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক। কারণ সৈকতের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ঘরোয়া ক্রিকেটেরও খুব বড় নাম তিনি নন।
নেতৃত্ব দেওয়ার মতো নোয়াখালীর দলে ছিলেন বেশ ক’জন ক্রিকেটার। জাকের আলী অনিক তার মধ্যে অন্যতম। পেসার হাসান মাহমুদও দায়িত্ব পেলে অবাক হওয়ার মতো কিছু ঘটতো না। এমনকি মাহিদুল ইসলাম অঙ্কনও ঘরোয়া ক্রিকেটে টুকটাক দলকে নেতৃত্ব দিয়েছেন।
বিদেশিদের মধ্যে পাকিস্তানি ব্যাটার হায়দার আলী দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রাখেন। টুর্নামেন্টের দুই ম্যাচেই হেরে নোয়াখালীর টিম ম্যানেজমেন্টের টনক নড়েছে। খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়েরের সমন্বয়ে গঠিত কোচিং স্টাফ সোমবার অধিনায়ক বদল করে ম্যাচের একাদশ ঠিক করেছেন।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী টস করেছেন। টসে হেরে ব্যাটিং পেয়েছে তার দল। প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া সৈকত আলী একাদশে জায়গা হারিয়েছেন। ১৫ জনের দলেও নেই। সৈকতকে বাদ দিয়ে হায়দারকে নেতৃত্বভার দেওয়ার ব্যাখ্যা দলটির পক্ষ থেকে এখনো পাওয়া যায়নি।
নোয়াখালীর একাদশ: মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, হায়দার আলী, সাব্বির হোসেন, জাকের আলী, মাহিদুল অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী রানা, জাহির খান, রেজাউর রাজা, বিলাল সামি।
রাজশাহীর একাদশ: শাহিবজাদা ফারহান, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মোহাম্মদ নওয়াজ, হুসেন তালাত, তানজিম সাকিব, বিনুরা ফার্নান্দো, রিপন মন্ডল, হাসান মুরাদ।
- বিষয় :
- বিপিএল
- বিসিবি
- নোয়াখালী এক্সপ্রেস
