সাক্ষাৎকার
বিপিএল গুছিয়ে নেওয়া সম্ভব
রাজশাহী ওয়ারিয়র্সের পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ছবি: ফাইল
...
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৬:০০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৭:০৭
বিশ্বকাপের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সাহিবজাদা ফারহান সেই দলের একজন সদস্য। রাজশাহী ওয়ারিয়র্সের এই ক্রিকেটার বিপিএলকে বেছে নিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কন্ডিশন কাছাকাছি হওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল খেলার ছাড়পত্র দিয়েছে পিসিবি। বিপিএল, পাকিস্তান দল ও বিশ্বকাপ নিয়ে সাহিবজাদা ফারহানের একান্ত সাক্ষাৎকার সিলেট থেকে নিয়েছেন সেকান্দার আলী।
সমকাল: বিপিএলে প্রথমবার এলেন। সার্বিকভাবে কেমন লাগছে?
ফারহান: আমার কাছে তো খুব ভালো লাগছে। রাজশাহী ওয়ারিয়র্স যেভাবে আমাদের সমর্থন করছে, সম্মান দিচ্ছে তা প্রশংসনীয়। আমি ভাগ্যবান রাজশাহীর মতো দলে খেলার সুযোগ পেয়েছি। এখানে খেলাটা উপভোগ করছি।
সমকাল: বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা অনুভব করতে পেরেছেন?
ফারহান: আমাদের প্রথম ম্যাচ ছিল সিলেটের সঙ্গে। পুরো স্টেডিয়াম দর্শকে পূর্ণ ছিল। আমি আশা করিনি এত দর্শক খেলা দেখতে আসবেন। বাংলাদেশে ক্রিকেট খুবই জনপ্রিয় দেখছি। আমরা ম্যাচ খেলতে মাঠে যাওয়ার সময় প্রচুর লোক দাঁড়িয়ে থাকেন। বাসে ওঠার সময় তারা স্লোগান দেন। নাম ধরে ডাকেন। সমর্থকরা আমাদের অনেক ভালোবাসেন। বাংলাদেশের মানুষ পাকিস্তানি ক্রিকেটারদের অনেক সাপোর্ট করেন। এই লিগে যারা আগে খেলেছেন তাদের কেউ কেউ বলেছেন এই দেশের মানুষের আতিথেয়তা সম্পর্কে।
সমকাল: বিপিএল ও পিএসএল কি সমমানের লিগ?
ফারহান: আমার দৃষ্টিতে পিএসএল মানের দিক থেকে এগিয়ে। অনেক বড় বড় বৈশ্বিক তারকা ক্রিকেটার খেলেন ওখানে। সব দেশের ক্রিকেটাররা আসেন। কলেবরে পিএসএল বড়। বিপিএল উন্নতি করছে। গুছিয়ে নেওয়া সম্ভব, তিন-চার বছর লাগবে পিএসএলের মতো বড় হতে। এখানে পাকিস্তানি, আফগান ক্রিকেটারদের সঙ্গে অন্য দেশের কিছু ক্রিকেটার খেলছেন। বিদেশি কোয়ালিটি ক্রিকেটার বেশি খেললে টুর্নামেন্টে পরিচিতি ও জনপ্রিয়তা বাড়বে।
সমকাল: শহিদ আফ্রিদি, বাবর আজমরা এখানে খেলেছেন। পাকিস্তানের অনেক বড় তারকা খেলে গেছেন। ওই মানের ক্রিকেটার দেখতে না পেয়ে হতাশ হচ্ছেন?
ফারহান: না, আমি মোটেও হতাশ নই। যারা খেলছেন তারাও বড় ক্রিকেটার। আগে হয়তো তারকা ক্রিকেটার বেশি খেলেছেন। দেশ ছাড়ার আগে আমাকে বলা হয়েছিল, বাংলাদেশের কন্ডিশনে খেলা কঠিন। এখানে বোলিং এবং ব্যাটিং দুই ধরনের উইকেট থাকে। আমার জন্য নতুন অভিজ্ঞতা এই কন্ডিশনে খেলা। সামনে বিশ্বকাপ আছে। পাকিস্তান দল শ্রীলঙ্কায় খেলবে। শ্রীলঙ্কার কন্ডিশন বাংলাদেশের মতোই। আমার বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিপিএল ভালো মঞ্চ।
সমকাল: বিপিএলে রাজশাহী ট্রফি জিততে পারবে?
ফারহান: অবশ্যই। আমাদের দলটা খুব ভালো দেশি-বিদেশি মিলিয়ে। তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্তর মতো বড় ক্রিকেটার আছেন। রিপন মণ্ডল, আকবর আলী আছেন। বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা খেলছেন রাজশাহীতে। আমি বিশ্বাস করি রাজশাহী শিরোপা জিতবে।
সমকাল: জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন। ৭, ৯ ও ১১ জানুয়ারি তিনটি ম্যাচ খেলে আবার বিপিএলে ফিরবেন?
ফারহান: জাতীয় দলের খেলা সবার আগে। দেশের দায়িত্ব পালন করতে যাচ্ছি। সিলেট পর্বের খেলা শেষ করে শ্রীলঙ্কা যাব। তিন ম্যাচ টি২০ সিরিজ শেষ করে আবার রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দেব। লিগের বাকি ম্যাচগুলো খেলে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব। এই লিগে ভালো করলে বিশ্বকাপ ম্যাচে পারফর্ম করার সুযোগ থাকবে।
সমকাল: ২০১৮ সালে জাতীয় দলে সুযোগ পেয়ে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২৪ সাল থেকে আবার পাকিস্তান দলে নিয়মিত হয়েছেন। নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন?
ফারহান: ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে ধারাবাহিক পারফরম্যান্স করেছি। টানা পাঁচ বছর শীর্ষ রান সংগ্রাহক আমি। পিএসএলের গত আসরে সর্বোচ্চ রান করেছি। লিগে ভালো করার জন্য স্কিল নিয়ে কিছু কাজ করেছি। মানসিকতায় পরিবর্তন আনা, শারীরিক কসরত করেছি বেশি। কষ্টের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছি। এখন চেষ্টা থাকবে ধারাবাহিকতা দিয়ে জাতীয় দলে টিকে থাকা। অন্য সংস্করণে জায়গা করে নেওয়া।
সমকাল: এবার পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটা?
ফারহান: অনেক সম্ভাবনা আছে। পাকিস্তান দলটা সব দিক থেকে প্রস্তুতি নিচ্ছে। এশিয়া কাপের পর দেশে ত্রিদেশীয় সিরিজ খেলেছি। কন্ডিশনিং ক্যাম্প হচ্ছে। শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাচ্ছি। বিপিএলে সাতজন ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছেন। বিগ ব্যাশেও খেলছেন কেউ কেউ। খেলোয়াড়দের সবাই খেলার মধ্যেই আছেন। আমরা শ্রীলঙ্কায় সিরিজটা ভালো করতে পারলে বিশ্বকাপের প্রস্তুতি হবে।
সমকাল: মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে কেমন সমর্থন পাচ্ছেন?
ফারহান: মুশফিক ভাই দারুণ একজন মানুষ। সবাইকে সাপোর্ট করেন। খেলা ও খেলার বাইরের জিনিসগুলো ভালোভাবে বুঝিয়ে দেন। সিনিয়রদের সাপোর্ট আমাদের জিততে সাহায্য করবে।
সমকাল: বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন?
ফারহান: অবশ্যই ভালো করার সুযোগ আছে। এশিয়া কাপে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। বিপিএল খেলে ভালো প্রস্তুতি নিতে পারছে। বিশ্বকাপে বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে।
- বিষয় :
- বিপিএল
- বিসিবি
- রাজশাহী ওয়ারিয়র্স
- সাক্ষাৎকার
