ফিরে দেখা ২০২৫
খেলা ছাপিয়ে বিতর্কের এক বছর
নাজমুল হক নোবেল
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১২:৩১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৮
বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে দেশে ফিরে আসেন শান্ত-হৃদয়রা। বিদায়ী বছরে দেশের ক্রিকেটে আলোচিত বিষয় ছিল ফারুক আহমেদকে হটিয়ে আমিনুল ইসলাম বুলবুলের বিসিবির সভাপতি হওয়া এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বুলবুলের ক্ষমতা পাকাপাকি করা, টেস্টে ও টি২০ ম্যাচে ভালো করা এবং ওয়ানডেতে বাংলাদেশ দলের ছন্দহীনতা–বছরান্তে এসব ঘটনা তুলে ধরেছেন নাজমুল হক নোবেল।
টেস্টে প্রাপ্তির বছর: এ বছর টেস্টে পঞ্চাশ শতাংশ জয়ের রেকর্ড গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। যদিও সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বছর। পরের টেস্টে চট্টগ্রামে রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরে টাইগাররা। ইনিংস ও ১০৬ রানের জয়টি টাইগারদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় বড় জয়। জুনে শ্রীলঙ্কা সফরে শান্তর জোড়া সেঞ্চুরিতে গল টেস্ট ড্র করে তারা। কলম্বোতে অবশ্য পরাজয় সঙ্গী ছিল। এরপর গত নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। উইকেট শিকারে শীর্ষ ছিলেন তাইজুল ইসলাম। দুটি ফাইফারসহ মোট ৩৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এ স্পিনার। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২০ উইকেট।
টি২০তে উত্থান: লিটন দাসের নেতৃত্বে কুড়ি ওভারের ফরম্যাটে এ বছর ৩০টি ম্যাচ খেলেছে টাইগাররা। আলোচিত ছিল শারজাহতে টি২০ স্পেশালিস্ট আফগানদের হোয়াইটওয়াশ করা। যদিও বছরের শুরুটা হয়েছিল আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাতের কাছে সিরিজ হার দিয়ে। এরপর পাকিস্তান গিয়ে হোয়াইটওয়াশ হয়ে এলেও পরের সফরেরই শ্রীলঙ্কা গিয়ে সিরিজ জিতে আসে টাইগাররা। সেপ্টেম্বরে এশিয়া কাপেও ভালো করে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ থেকে আফগানিস্তানকে টপকে সুপার ফোরে ওঠে তারা। একসময় ফাইনালও হাতের মুঠোয় চলে এসেছিল। পাকিস্তানের কাছে ১১ রানে হেরে সে সুযোগ হারায় তারা।
বিসিবিতে বুলবুল যুগ: রাজনৈতিক পট পরিবর্তনের পর গত আগস্টে দেশের প্রথম ক্রিকেটার সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। ৯ মাস বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর গত মে মাসে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়। স্বেচ্ছায় পদত্যাগ করতে রাজি হননি তিনি। বিসিবির আট পরিচালক নানা অভিযোগ তুলে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানান। এরপর ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। সভাপতির দায়িত্ব দেওয়া হয় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। ৩০ মে দায়িত্ব নিয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেছিলেন দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকার কোনো অভিলাষ নেই তাঁর। অন্তর্বর্তী প্রধান হিসেবে নির্বাচন করিয়ে তিনি বিদায় নেবেন। চার মাস পর বিসিবি নির্বাচনে তিনিই সভাপতি প্রার্থী হয়ে বসেন। বিতর্কিত নির্বাচনে সভাপতি হয়ে দীর্ঘমেয়াদে পদে বসেছেন। আশ্চর্যজনকভাবে ওই নির্বাচনে অংশ নিয়ে ফারুক আহমেদ হয়েছেন বিসিবি সহসভাপতি।
বিসিবির বিতর্কিত নির্বাচন: ৬ অক্টোবর হওয়া বিসিবির নির্বাচন নিয়ে বিতর্কের শেষ নেই। তৃতীয় বিভাগ বাছাইপর্ব পেরিয়ে আসা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল, নির্বাচন স্থগিত করতে হাইকোর্টে রিট, ১২টি ক্লাবের নির্বাচন বর্জন, তামিম ইকবালসহ ১৬ প্রার্থীর সরে দাঁড়ানো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া– কী নিয়ে বিতর্ক ছিল না এই নির্বাচনে! শেষ পর্যন্ত নির্বাচন হলেও এর রেশ এখনও টানছে বাংলাদেশের ক্রিকেট। প্রথম বিভাগ লিগ বর্জন করেছে আটটি ক্লাব। অন্য লিগগুলো নিয়েও আছে অনিশ্চয়তা।
যৌন হয়রানির অভিযোগে তোলপাড় : নভেম্বরের শুরুতে বোমা ফাটান জাহানারা আলম। অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার পেছনে জাতীয় দলের কয়েকজন কোচিং স্টাফ ও খেলোয়াড়ের ভূমিকা ছিল বলে দাবি করে তিনি। নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন নারী দলের সাবেক এ অধিনায়ক। এরপর আরও কয়েকজন নারী ক্রিকেটার একই অভিযোগ করেছেন।
হার্ট অ্যাটাকে দুটি মৃত্যু: ২৪ মার্চ সকালে থমকে গিয়েছিল পুরো বাংলাদেশ। বিকেএসপিতে ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। চিকিৎসায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে তামিম এখন ভালোই আছেন। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহাবুব আলী জাকি। অক্টোবরে জাতীয় লিগে বরিশালের ফিজিও হাসান আহমেদও মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
- বিষয় :
- সালতামামি ২০২৫
- বিসিবি
- বাংলাদেশ ক্রিকেট
