বিফলে শামীমের দুর্দান্ত ইনিংস, সিলেটের কাছে ঢাকার হার
ব্যাটিংয়েয় সময় শামীম পাটোয়ারি। ছবি: ইউসুফ আালী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ১৭:২২ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ১৭:৩৯
সিলেট টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে একা লড়াই করেছেন শামীম হোসেন পাটোয়ারি। তার ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু শেষ পর্যন্ত পরাস্ত হয়েছেন বাঁ-হাতি এই মিডল অর্ডার ব্যাটার। ঢাকা হেরেছে ৬ রানে।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে সিলেট টাইটান্স ৫ উইকেটে ১৭৩ রান যোগ করে। দুর্দান্ত এক ফিফটির করেছেন দলটিতে নতুন যোগ দেওয়া আফগান পেস অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। তিনি ২৪ বলে ৫০ রানের হার না মানা ইনিংস খেলেন। পাঁচটি চার ও তিনটি ছক্কা তোলেন।
এছাড়া পাকিস্তানি ওপেনার সাঈম আইয়ূব ৩৪ বলে ২৯ রান যোগ করেন। অন্য ওপেনার রনি তালুকদার ১১ রান করে ফিরে যান। অধিনায়ক মেহেদী মিরাজ ৬ রানে সাজঘরে ফেরেন। তবে চারে নেমে জাতীয় দলের ব্যাটার পারভেজ ইমন ৩২ বলে ৪৪ রানের কার্যকরী এক ইনিংস খেলেন। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি। আফিফ হোসেন ও ইথান ব্রুকস ১৩ করে রান তোলেন।
জবাব দিতে নেমে ঢাকা ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। একে একে সাজঘরে ফিরে যান জুবাইদ আকবারি (১), উসমান খান (২১), সাইফ হাসান (৯), মোহাম্মদ মিঠুন (০) ও নাসির হোসেন (৫) ব্যর্থ হন। সেখান থেকে হাল ধরেন শামীম। তার সঙ্গে ৪৬ রানের জুটি দেওয়া সাব্বির ১৯ বলে ২৩ রান করেন।
অপরাজিত থাকা শামীম ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেন। নয়টি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি। জয়ের জন্য শেষ দুই ওভারে ৪৫ রান দরকার ছিল ঢাকার। শামীম ১৯তম ওভারে আজমতউল্লাহ ওমরজাই-এর বলে দুই চার ও এক ছক্কায় ১৮ রান তুলে নেন। শেষ ওভারে ২৭ রানের লক্ষ্যে ব্যাট চালিয়ে ২০ রান নিতে পারেন তিনি। শেষ বলে ছক্কা মারতে পারলে ম্যাচ টাই হতো। মোহাম্মদ আমিরের করা ওভারের শেষ বলে কঠিন ইয়র্কার থেকে কোন রান নিতে পারেননি তিনি। সিলেটে নতুন যোগ দিয়েই ফিফটির সঙ্গে ৪ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেওয়া ওমরজাই ম্যাচ সেরা হয়েছেন।
- বিষয় :
- বিপিএল
- বিসিবি
- ঢাকা ক্যাপিটালস
