আবাহনীর দুর্দান্ত জয়ের দিনে কিংসের হতাশার ড্র
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ২০:২৩
বাংলাদেশ ফুটবল লিগে আবারও হোঁচট খেয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ৩-০ গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে কিংস। এদিকে কিংসের হতাশার দিনে নতুন বছরের শুরুটা দুর্দান্ত জয়ে রাঙিয়েছে আবাহনী। আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা।
শনিবার কুমিল্লায় আরামবাগকে পাত্তাই দেয়নি আবাহনী। দলের জয়ে জোড়া গোল করেন সুলেমানে দিয়াবাতে, অপর গোলটি ব্রাজিলিয়ান ব্রুনো মাতোসের। তবে মানিকগঞ্জে কিংসের ম্যাচে ছিল চরম নাটকীয়তা। ম্যাচের প্রথমার্ধে মাত্র ৬ মিনিটের ঝড়ে ৩ গোল আদায় করে নেয় কিংস। ২৩ থেকে ২৯ মিনিটের মধ্যে সাদউদ্দিনের একটি ও ডরিয়েল্টনের জোড়া গোলে চালকের আসনে বসে মারিও গোমেজের দল।
কিন্তু ম্যাচের শেষ ১৩ মিনিটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ফকিরেরপুল। ৭৭ মিনিটে জাহিদ হোসেন ব্যবধান কমানোর পর, ৮৪ মিনিটে ইরফান হোসেন লক্ষ্যভেদ করলে একপেশে ম্যাচে প্রাণ ফেরে। ৯০ মিনিটে বেন ইব্রাহিম জালের দেখা পেলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফকিরেরপুল।
দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় পিডাব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। এই জয়ে কিংসের সমান ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফর্টিস। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই আছে কিংস। এছাড়া গাজীপুরে পুলিশ এফসির সঙ্গে ১-১ ড্র করা রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে তিনে এবং আবাহনী ১৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
লিগের প্রথম পর্ব শেষে ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মধ্যবর্তী দলবদল, যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে মাঠে গড়াবে না লিগ বা ফেডারেশন কাপের কোনো ম্যাচ।
- বিষয় :
- বসুন্ধরা কিংস
- আবাহনী
