অ্যাথলেটিককে উড়িয়ে ফাইনালে রিয়ালের অপেক্ষায় বার্সা
বার্সার গোল উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৬:৩৯
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। মৌসুমের প্রথম শিরোপা জয়ের শেষ ধাপ অর্থাৎ ফাইনালে উঠে গেছে কাতালান ক্লাবটি। মরুতে শিরোপার মহারণে রিয়াল মাদ্রিদের অপেক্ষায় রাফিনিয়া-ফেরান তোরেসরা।
আজ রাত ১টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। ডার্বি ম্যাচে জয়ী দল শিরোপা লড়াইয়ে বার্সার মুখোমুখি হবে। জাবি আলোনসোর দল ফাইনালে গেলে সুপার ক্লাসিকো দেখা যাবে।
বুধবার রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে অ্যাথলেটিকের জালে প্রথম গোল দেয় বার্সা। ৩০ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে হানসি ফ্লিকের দল। গোলটি করেন ফারমিন লোপেজ। প্রথমার্ধে আরও দুই গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে কাতালানরা।
বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন সুইডেনের কুয়েতি বংশোদ্ভূত ২০ বছর বয়সী রাইট উইঙ্গার রনি বর্ধজী। ৩৮ মিনিটে রাফিনিয়া দলের পক্ষে চতুর্থ গোলটি করে প্রথমার্ধ শেষ করেন। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন।
অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ফাইনালের লড়াইয়ে বড় চ্যালেঞ্জে পড়তে পারে। ইনজুরির কারণে দলে নেই কিলিয়ান এমবাপ্পে। মিডফিল্ডার জুড বেলিংহাম এবং ফরোয়ার্ড লাইনের ভিনিসিয়াস ও রদ্রিগোর ওপর তাই ম্যাচে আলো থাকবে বেশি। আলোনসোর জন্য শিরোপা দিয়ে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু করার ভালো সুযোগ।
