ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডার্বিতে রিয়ালের জয়, ফাইনালে সুপার ক্লাসিকো 

ডার্বিতে রিয়ালের জয়, ফাইনালে সুপার ক্লাসিকো 
×

ফেদে ভালভার্দের গোল উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ১৩:৩৪

চাপটা রিয়াল মাদ্রিদের ওপরই ছিল। প্রথমত কিলিয়ান এমবাপ্পে ইনজুরির কারণে দলে নেই। দ্বিতীয়ত রিয়াল মাদ্রিদকে প্রথমবার ফাইনালে তোলার লড়াইয়ে নেমেছিলেন কোচ জাবি আলোনসো। পরের কারণটা না বললেই নয়। অ্যাথলেটিক বিলবাওকে রীতিমতো উড়িয়ে ফাইনালে গেছে বার্সেলোনা।

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে জয়ের চ্যালেঞ্জ নিয়ে নেমে উত্তাপ ছড়ানো ম্যাচে ২-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেছে আলোনসোর দল। গোল করেছেন ফেদে ভালভার্দে ও রদ্রিগো গোয়েস।

বৃহস্পতিবার রাতে সৌদির কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। যেটাকে শুধু গোল বললে ভুল হবে। ফেদে ভালভার্দে এমন এক গোল করেছেন যা প্রতিপক্ষের মনোবল শুরুতেই ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ঠ। বক্সের বেশ বাহিরে রিয়াল মাদ্রিদ ফ্রি কিক পায়। ভালভার্দে শরীরের সব শক্তি দিয়ে বুলেট গতির এক শট নিয়ে তা জালে জড়িয়ে দেন।

ওই গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করা রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে। গোলটি করেন জাবি আলোনসোর দলে বাতিলের খাতায় পড়ে আবার আস্থা অর্জন করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। পরেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রোজি ব্লাঙ্কেসারা। অ্যাথলেটিকোর হয়ে ৫৮ মিনিটে সরলথ ব্যবধান ২-১ করলেও সমতায় আর ফিরতে পারেনি ডিয়াগো সিমিওনের দল।

আগামী ১১ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১টায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ও বার্সেলোনা। সুপার কাপের কারণে ম্যাচটিকে অনেকে সুপার ক্লাসিকো বলে থাকেন। গত মৌসুমের সুপার ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হয়েছিল। সৌদিতে কার্লো আনচেলত্তির সেই দলকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছিল কাতালানরা। 

আরও পড়ুন

×