শ্রীলংকায় এক মাসের অনুশীলন মুমিনুলদের
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ১২:০০ | আপডেট: ১১ আগস্ট ২০২০ | ০২:৪৫
টেস্টের সঙ্গে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলারও প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সবুজ সংকেত পেলে সফরের সূচি চূড়ান্ত করা হবে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন তারা। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, অক্টোবরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে দ্বিপক্ষীয় সিরিজের খেলা। কভিড-১৯ মহামারিকালীন প্রথম আন্তর্জাতিক সিরিজ হবে এ দুই দেশের।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী গতকাল এক ভিডিওবার্তায় জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কলোম্বো যাওয়ার আগে দেশে কন্ডিশনিং ক্যাম্প হবে মুমিনুল হকদের। ক্যাম্পের দিনক্ষণ ঠিক হওয়ার পর নির্বাচিত ক্রিকেটারদের করোনোভাইরাসের পরীক্ষা করা হবে। লঙ্কা সফরের অন্তত এক মাস আগে হবে পরীক্ষা। কেউ কভিড আক্রান্ত হলেও যেন সুস্থ হয়ে সফরে যেতে পারেন সেজন্য এ উদ্যোগ নেওয়া হবে।
আকরাম খান জানান, শ্রীলঙ্কা পৌঁছে এক মাস প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন খেলোয়াড়রা। বিসিবি এইচপি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা করা হবে সেখানে। যাতে করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে খেলায় ফিরতে পারেন মুমিনুলরা। যদিও ক্যাম্প শুরুর অপেক্ষায় বসে নেই ক্রিকেটাররা। ঈদের আগে থেকে একক অনুশীলন করছেন অনেকে। ৮ আগস্ট থেকে দেশের পাঁচটি ভেন্যুতে একক অনুশীলনে আরও বেড়েছে ক্রিকেটারদের অংশগ্রহণ। তামিম ইকবাল, লিটন কুমার দাস, রুবেল হোসেনরাও শিগগিরই একক অনুশীলনে ফিরতে পারেন।
- বিষয় :
- শ্রীলংকা সফর
- এক মাসের ক্যাম্প
- অক্টোবরে
- ক্রিকেট