বিশ্বকাপে আয়ারল্যান্ড দলে চমক, এক সঙ্গে দুই ভাই
ছবি- আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ২০:৩৫
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের নেতৃত্বে ঘোষিত এই দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটিয়েছে আইরিশরা। দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা হয়েছে দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টরের।
গত বিশ্বকাপের স্কোয়াড থেকে ১২ জন ক্রিকেটারকেই ধরে রেখেছে আয়ারল্যান্ড। তার সঙ্গে যোগ হয়েছে তিন নতুন মুখ। ২২ বছর বয়সী টিম টেক্টর টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন করতে পারেন। এছাড়া ২৩ বছর বয়সী বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার বেন ক্যালিটজ এবং সমান বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথিউ হামফ্রিজ প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ডাক পেয়েছেন।
দল নির্বাচন নিয়ে আয়ারল্যান্ড জাতীয় দলের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘গত দেড় বছর ধরে আমরা নানা কৌশল ও কম্বিনেশন পরীক্ষা করেছি। ২০২৪ বিশ্বকাপের দল থেকে ১২ জনকে ধরে রাখার অর্থ হলো আমাদের একটি স্থিতিশীল ভিত্তি রয়েছে। এর সঙ্গে টিম টেক্টর, বেন ক্যালিটজ ও ম্যাথিউ হামফ্রিজের মতো প্রতিভাবান তরুণদের অন্তর্ভুক্তি দলের ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে লড়বে আয়ারল্যান্ড। এই গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক শ্রীলঙ্কা, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আইরিশরা। গ্রুপ পর্বের তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
আয়ারল্যান্ড স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লোরকান টাকার (সহ-অধিনায়ক), বেন হোয়াইট ও ক্রেগ ইয়াং।
- বিষয় :
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আয়ারল্যান্ড
