ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাংলাদেশ দলে বিশ্বমানের অভাব দেখছেন মঈন

বাংলাদেশ দলে বিশ্বমানের অভাব দেখছেন মঈন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ১৭:৫৬

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়। পালাবদলের মধ্য দিয়ে যাওয়া দলটিতে আসলে ‘বিশ্বমানের’ ক্রিকেটারের বড্ড অভাব। এমনটাই মনে করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তার মতে, বর্তমান দলে ভালো খেলোয়াড় থাকলেও সাকিব বা তামিমের মতো ক্রিকেটারের শূন্যতা স্পষ্ট।

চলমান বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মঈন। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বাংলাদেশের সোনালি প্রজন্মের প্রসঙ্গ টেনে মঈন বলেন, ‘আমার মনে হয়, আগে দলটিতে দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল, যেমন তামিম ও সাকিব। তারা শুধু বড় মাপের খেলোয়াড়ই ছিলেন না, তাদের ক্যারেক্টারও ছিল দুর্দান্ত। তারা ছিলেন সত্যিকারের ফাইটার। দীর্ঘ সময় ধরে এমন দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।’

বর্তমান দলের খেলোয়াড়দের মান নিয়ে মঈন আলী বলেন, ‘এখন ভালো খেলোয়াড়ের সংখ্যা হয়তো বেড়েছে, কিন্তু বিশ্বমানের খেলোয়াড় নেই। এটাই এখন মূল সমস্যা। একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত খেলার মতো অনেক ভালো ক্রিকেটার আছে, কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো বিশ্বমানের তারকার অভাব রয়েছে।’

বর্তমান দলে কেবল মুস্তাফিজুর রহমানকেই বিশ্বমানের কাতারে রাখছেন মঈন। তবে দলীয়ভাবে মানসিক শক্তির ঘাটতি দেখছেন তিনি। মঈন বলেন, ‘অবশ্যই ফিজ (মুস্তাফিজ) বিশ্বমানের, কিন্তু সে-ও তো অনেক আগে থেকেই খেলছে। দল হিসেবে পারফর্ম করতে হলে ক্যারেক্টার দরকার। সততার সঙ্গে বললে, আমার মনে হয় বাংলাদেশ সেই জায়গাটায় পিছিয়ে আছে। ক্রিকেটে তারা উন্নতি করেছে ঠিকই, কিন্তু মানসিক দিক থেকে সাকিব-তামিমদের মতো শক্ত অবস্থানে নেই বর্তমানরা।’

আরও পড়ুন

×