মরুতে আজ এল ক্ল্যাসিকো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ১৫:৪৫
প্রতিশোধের নেশায় ফুঁসছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ জায়ান্টরা প্রতিশোধের জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে যে প্রয়োজনে ব্যথানাশক দিয়ে হলেও বার্সার বিপক্ষে কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামাতে চায়। বাংলাদেশ সময় আজ রাত ১টায় সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বী। দুরন্ত ছন্দ আছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে তারা। অন্য সেমিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে বেশ কষ্টে হারিয়েছে রিয়াল।
সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে বার্সেলোনার কাছে চারবার হেরেছিল রিয়াল মাদ্রিদ। যার একটি ছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। গত বছরের ১৩ জানুয়ারি এই স্টেডিয়ামেই ৫-২ গোলে রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের ১৫তম শিরোপা জিতেছিল তারা। অবশ্য চলতি মৌসুমে প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল জিতেছে। তার পরও গত সুপার কাপের ফাইনালের যন্ত্রণা ভুলতে পারছে না তারা। তাই জয় ছাড়া কিছু ভাবছেন না বলে জানিয়েছেন রিয়াল গোলরক্ষক থিবু কর্তুয়া, ‘আমাদের জিততেই হবে। গত বছর তাদের বিপক্ষে দুটি ফাইনালে হেরেছি। এবার আমরা জিততে চাই, ঠিক তাদের মতো দাপট দেখিয়ে। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছি।’
এই প্রতিশোধের মানসিকতা থেকেই হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই কিলিয়ান এমবাপ্পেকে উড়িয়ে সৌদি আরব এনেছে রিয়াল। গত বছরের শেষ দিনে ফরাসি তারকার বাঁ হাঁটু মচকে যাওয়ার খবর জানিয়ে রিয়াল থেকে বলা হয়েছিল, তাঁর সেরে উঠতে তিন সপ্তাহের মতো লাগতে পারে। বৃহস্পতিবার মাদ্রিদ ডার্বিতে জিতলেও এমবাপ্পের অভাব বেশ ভালো মতোই টের পেয়েছে রিয়াল। তাই ফাইনালের আগে তাঁকে আনা হয়েছে। এরপরই খবর রটে যায় প্রয়োজনে ইনজেকশন দিয়ে হলেও মাঠে নামানো হবে চলতি মৌসুমে ২৯ গোল করা ফরাসি এ ফরোয়ার্ডকে।
অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল বস জাবি আলোনসো নিয়ন্ত্রিত ঝুঁকির কথা বলেছেন, ‘এটি একটি সিদ্ধান্ত, যা আমাদের স্টাফ, খেলোয়াড় ও চিকিৎসকদের মধ্যে নিতে হবে। আমাদের ঝুঁকির মাত্রা দেখতে হবে। আমরা কোন মুহূর্তে আছি, কীসের জন্য খেলছি, তা বুঝতে হবে; তারপর সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমরা যখন সিদ্ধান্ত নিই, তখন যেন আত্মঘাতী না হই।’
এমবাপ্পেকে গুরুত্বপূর্ণ মনে করছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিকও। তবে মরুতে আবার তারাই জিতবেন বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন এই জার্মান কোচ, ‘এই মুহূর্তে এমবাপ্পে বিশ্বসেরা স্ট্রাইকার... সে অনেক গোল করেছে।’ তবে গত মৌসুমে এমবাপ্পে থাকার পরও যে চার ম্যাচে তারা রিয়ালকে হারিয়ে ছিলেন, সেটাও মনে করিয়ে দিয়েছেন ফ্লিক, ‘গত দেড় বছরে আমরা কয়টি ক্ল্যাসিকো খেলেছি? এর মধ্যে আমরা যেন কয়টি জিতেছি? একটা আমরা হেরেছি।’ তিনি আরও যোগ করেন, ‘খেলাটা শুধু এমবাপ্পের বিপক্ষে নয়, রিয়ালের বিপক্ষে। আমরা সে অনুযায়ী প্রস্তুত হচ্ছি।’
- বিষয় :
- এল ক্লাসিকো
- বার্সেলোনা
- রিয়াল মাদ্রিদ
