ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার অপেক্ষা নবির
ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১১:৫৫
মোহাম্মদ নবির স্বপ্ন ছিল ছেলে হাসান ইসাখিলের সঙ্গে ম্যাচ খেলা। সুযোগ খুঁজছিলেন কোন লিগে খেলা যায়। বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস সেই পথ করে দেয়। গতকাল বাবা-ছেলে ম্যাচ খেলেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে হাসানের যেমন অভিষেক হলো, তেমনি বাবা-ছেলেরও।
এমন রোমাঞ্চকর এক অভিষেককে রঙিন করেছেন হাসান। বাবার সঙ্গে জুটি বেঁধে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন। ৬০ বলে ৯২ রান করে আউট হন হাসান। সেঞ্চুরি মিস করায় নবির যেন বুক ফেটে যাচ্ছিল। ডাগ আউটের নিথর বসে ছিলেন কিছুটা সময়। ছেলে কোথায় ভুলটা করেছেন, সংবাদ সম্মেলনেও সে ভাবনায় হারিয়ে গিয়েছিলেন মুহূর্তের জন্য। হাসান বলেন, ‘আমার আদর্শ বাবা। এক কথায়, ক্রিকেট থেকে জীবন দর্শন– সবকিছুতে বাবাকে অনুসরণ করি।’ এসব বলতে বলতেই সংবাদ সম্মেলনে বাবা-ছেলে আবেগাপ্লুত হচ্ছিলেন।
এমনিতে নবি মিডিয়া বিমুখ। সাক্ষাৎকার দূরের কথা, অফিসিয়াল সংবাদ সম্মেলনেও যেতে চান না। গতকাল টিভি শো থেকে সংবাদ সম্মেলন, ভক্তদের আবদার মেটানো– কোনো কিছুতেই আপত্তি করেননি। ছেলের অভিষেকে ক্যাপ পরিয়ে দেওয়ার সময় গর্বিত পিতা মনে হচ্ছিল তাঁকে। ওপেনিংয়ে হাসানের দুর্দান্ত শুরু দেখে মুগ্ধ হন। হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেলার পর ছেলেকে গাইড করে এগিয়ে নিচ্ছিলেন। নিজের স্বপ্ন পূরণ করে নবির আজ আরব আমিরাতে ফেরার কথা জাতীয় দলের সিরিজ খেলতে।
বাংলাদেশ ছেড়ে গেলেও নবির চোখ থাকবে বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসে, ‘বাকি দুটি ম্যাচে সে কেমন খেলে, দেখতে চাই। কত রান করল তা জানতে আনচান করবে মন।’
একটি স্বপ্ন পূরণ হওয়ায় আরেকটি স্বপ্ন উঁকি দিচ্ছে নবির চোখে। বাবা-ছেলে একসঙ্গে আফগানিস্তান জাতীয় দলে খেলতে চান। নবি বলেন, ‘আমি আমার ছেলে একসঙ্গে জাতীয় দলের ম্যাচ খেলতে চাই। আশা করি, তিন-চারটি ভালো ইনিংস খেললে সে জাতীয় দলে চলে আসবে।’ নবীর কাছে জানতে চাওয়া হয়েছিল আর কতদিন জাতীয় দলে খেলার ইচ্ছা। উত্তরে তিনি বলেন, ‘আরও চার বছর খেলতে চাই।’
- বিষয় :
- মোহাম্মদ নবী
- বিপিএল
- নোয়াখালী এক্সপ্রেস
