ভারতে আম্পায়ারিং করছেন সৈকত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১২:০৩
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার ইস্যু নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিসিবি। আইসিসির কাছে তাদের পরিষ্কার বার্তা– যেখানে এক মুস্তাফিজ নিরাপদ নন, সেখানে টি২০ বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দল কীভাবে নিরাপদ?
যে প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর এখনও দেয়নি আইসিসি, সেখানে ভারতে গিয়ে ওডিআই ম্যাচের আম্পায়ারিং করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এই এলিট প্যানেলের আম্পায়ার গতকাল ভারতের ভাদোদারায় ভারত-নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের টিভি আম্পায়ার ছিলেন। ম্যাচটিতে ৩০১ রান তাড়া করে ৪ উইকেটে জিতে ভারত। ৯৩ রান করে ম্যাচ সেরা হন বিরাট কোহলি।
তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৮ জানুয়ারি রাজকোট ও ইন্দোরে। পুরো সিরিজেই থাকার কথা এই বাংলাদেশি আম্পায়ারের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অ্যাপেক্স ক্রিকেট সভায় সৈকতকে ম্যাচ পরিচালনার জন্য ছাড়পত্র দেওয়া হয়।
যেখানে ক্রিকেটারদের ভারতে যাওয়ার ব্যাপারে প্রবল আপত্তি বিসিবির, সেখানে বাংলাদেশি আম্পায়ার কি নিরাপদ? ‘নির্দিষ্ট আম্পায়ারের সঙ্গে সরাসরি চুক্তি থাকে আইসিসির। বিসিবির এখানে কোনো ভূমিকা নেই। কেননা তাদেরকে বিদেশে আম্পায়ারিং করার ব্যাপারে বিসিবির কাছ থেকে ছাড়পত্র নেওয়ার বিষয় থাকে না। তবে তারা আন্তর্জাতিক আম্পায়ারিং করতে গেলে বিসিবির কাছে মৌখিকভাবে বলে যায়। সৈকতের কাছ থেকে এখনও তেমন কিছু শুনিনি।’
বিসিবির আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু শনিবার এ কথা বলেছিলেন মিডিয়ার সামনে। সেখানে রোববারই কিনা বাংলাদেশি আম্পায়ারকে দেখা গেল ভারতে। বিপিএলে সর্বশেষ গত বৃহস্পতিবার নোয়াখালী-রাজশাহীর ম্যাচে আম্পায়ারিং করেছিলেন সৈকত। তিন দিন পর আইসিসি থেকে ডাক এলে তাতে সাড়া দেন। এটা আইসিসির একটা কৌশলী সিদ্ধান্তও হতে পারে, যেখানে তারা দেখাতে চান নিরাপদেই ভারতে আম্পায়ারিং করেছেন বাংলাদেশি আম্পায়ার।
বিপিএলের আগে অ্যাশেজেও আম্পায়ারিং করেছিলেন সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভাবনাময় এই বাংলাদেশি আম্পায়ার ছিলেন ব্রিজবেন টেস্টে। এই মুহূর্তে আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার তিনি। সেই সঙ্গে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে বাংলাদেশি আম্পায়ার রয়েছেন চারজন– মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী। মুকুল এরই মধ্যে জিম্বাবুয়েতে রয়েছেন আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ডাক পাওয়ায়।
ধারণা করা হচ্ছে, আসন্ন টি২০ বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ার হিসেবে ডাকা হতে পারে শরফুদৌল্লা সৈকত, মাসুদুর রহমান মুকুল আর গাজী সোহেলকে। সেক্ষেত্রে তারা কি যাবেন ভারতে? সিদ্ধান্তটি যে একান্তই ব্যক্তিগত, সেটা জানিয়ে দিয়েছেন ইফতেখার রহমান। ‘এখানে বিসিবির ছাড়পত্র নেওয়ার কোনো ব্যাপার নেই, তাই কেউ যাবেন কি যাবেন না, সেটা তাঁর নিজের সিদ্ধান্ত।’
- বিষয় :
- ভারত
- নিউজিল্যান্ড
- শরফুদ্দৌলা ইবনে সৈকত
