ক্ল্যাসিকোর লাভ উঠল ব্রাজিলের ঘরে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ১০:৫৮
বিশ্বকাপের বছরে ব্রাজিলিয়ান ফুটবলাররা ফর্মে নেই– এমনটা বিরল। ২০২৬ বিশ্বকাপের আগে ভক্তদের মনে ওই বিরল শঙ্কাই ঘুরছিল। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ‘হেক্সা’-প্রত্যাশীদের খানিকটা স্বস্তি দিয়েছে। সৌদিতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুর্দান্ত লড়াই হয়েছে। কাতালানরা ৩-২ গোলে শিরোপা জিতেছে। তবে ক্ল্যাসিকোর আসল জয়ী সম্ভবত ব্রাজিল। কারণ রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র ম্যাচের ভাগ্য গড়েছেন। ভালো খেলেছেন রদ্রিগো গোয়েসও।
গত মৌসুমে দুর্দান্ত খেলা রাফিনিয়া চলতি মৌসুমে ইনজুরির ধাক্কা খেয়েছেন। মাঠে ফিরে গোল পাচ্ছিলেন। এল ক্ল্যাসিকো মৌসুমের সেরা খেলাটা দেখিয়েছেন। পুরো মাঠ দাপিয়েছেন। জোড়া গোল করে ফাইনালসেরা হয়েছেন। অসাধারণ ফিনিশিংয়ে ম্যাচের প্রথম গোলটি পান তিনি। জয়সূচক গোলটিও এসেছে তাঁর পা থেকে।
পরাজিত দলে থাকা ভিনিসিয়ুসের কথা বলতেই হবে। মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না তাঁর। লিগে ১৯ ম্যাচে মাত্র ৫ গোল। ক্লাব ছাড়া না ছাড়া পরে, বিশ্বকাপের বছরে তাঁর ফর্মে ফেরা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। চিরশত্রু বার্সার বিপক্ষে অসাধারণ গোলটি করে ব্রাজিলিয়ান তারকা বুঝিয়ে দিয়েছেন, স্বাধীনতা পেলে এখনও উড়তে পারেন তিনি। বাঁ প্রান্ত থেকে বল ধরে ড্রিবলিংয়ে বার্সার তিন ডিফেন্ডারের পর গোলরক্ষককে বোকা বানিয়েছেন ভিনি।
ওই হিসেবে ফাইনালে আলো কাড়তে পারেননি রদ্রিগো। কর্নার কিক থেকে গোল হলেও তাতে রদ্রিগোর অবদান সামান্য। তবে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে দারুণ এক গোল করেছিলেন তিনি। আগের ছয় ম্যাচে অসাধারণ খেলে কোচের আস্থা অর্জন করেছেন।
শুধু এল ক্ল্যাসিকোর পারফরম্যান্সে নয় ব্রাজিলের ফুটবল ভক্তরা সুখবর পেয়েছেন আরও। মৌসুমের প্রথমার্ধ ভালো যায়নি কার্লো আনচেলত্তির দলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাথিউস কুনিয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনিও ভালো খেলতে শুরু করেছেন। রিয়ালের বেঞ্চ গরম করে বিরক্ত হওয়া স্ট্রাইকার এনড্রিক ফ্রান্সের ক্লাব লিঁওতে গিয়ে মাঠে নেমেই গোল পেয়েছেন। তবে ছন্দে কিছুটা ছেদ পড়েছে চেলসিতে খেলা তরুণ উইঙ্গার এস্তেভাও উইলিয়ামের।
এর বাইরে মিডফিল্ডার কাসেমিরো, ব্রুনো গিমারেজরা এখন পর্যন্ত ব্রাজিলকে ভরসা দেওয়ার মতোই খেলছেন। সেন্ট্রাল ডিফেন্সের মার্কুইনোস, গ্যাব্রিয়েল মাঘালহায়েসও ফর্মে আছেন। ব্রাজিলের ইতালিয়ান কোচ ডন কার্লোর মাথাব্যথার কারণ এখন দুই উইং ব্যাক।
- বিষয় :
- ব্রাজিল
- এল ক্লাসিকো
