সাফ নারী ফুটসাল
পিছিয়ে পড়েও ভুটানের বিপক্ষে ড্র সাবিনাদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৯:৪৬
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে হারের মুখ থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভুটানের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে সাবিনা খাতুনের দল।
ম্যাচের শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভুটান। মধ্যমাঠ থেকে সুমাইয়া মাতসুসিমার নেওয়া দূরপাল্লার দুর্দান্ত শট ভুটানের জালে জড়ালে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভুটান। পরপর দুই গোল করে তারা বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে। তবে হাল ছাড়েনি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমে অধিনায়ক সাবিনা খাতুন গোল করে ব্যবধান কমান। এরপর মাসুরা পারভীনের গোলে ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই স্কোরেকিনেই শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে থাকল বাংলাদেশ নারী দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল তারা।
এবারের সাফে নারী ও পুরুষ উভয় বিভাগে ৬টি করে দল অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে শীর্ষ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন। এদিকে নারী দল ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশ পুরুষ ফুটসাল দল ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে।
- বিষয় :
- ফুটসাল
