ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, হৃদয়ের কাছে হারল নোয়াখালী

সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, হৃদয়ের কাছে হারল নোয়াখালী
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ১৭:০০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ | ১৭:০০

বিপিএলে আজ দেখা মিলল এক ম্যাচে দুই সেঞ্চুরির। তবে নোয়াখালী এক্সপ্রেসের ইসাখিলের সেঞ্চুরি ম্লান হয়ে গেল হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে। হৃদয়ের সেঞ্চুরিতে নোয়াখালীকে ৮ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলার অপেক্ষায় রংপুর রাইডার্স। লিগ পর্বের শেষ ম্যাচে ১৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিটনরা।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নোয়াখালীর বোলারদের ওপর চড়াও হন তাওহিদ হৃদয়। পাওয়ার প্লেতে রংপুরের ৫৫ রাঙের মধ্যে হৃদয়ের ব্যাট থেকেই আসে ৪৭ রান। মাত্র ২৭ বলে আসরের চতুর্থ ফিফটি তুলে নেন হৃদয়।

মালানের বিদায়ে ভাঙে ৭৮ রানের উদ্বোধনী জুটি। ১৭ বলে ১৫ রান করে জহির খানের বলে ইসাখিলের দুর্দান্ত ক্যাচে ফেরেন তিনি। এরপর ক্রিজে এসে হৃদয়ের সঙ্গে যোগ দেন লিটন দাস। লিটন শুরুতে সময় নিলেও ১৬তম ওভারে সৌম্য সরকারকে ১ ছক্কা ও ২ চারে ১৮ রান নিয়ে সমীকরণ সহজ করে দেন। হৃদয় শেষ পর্যন্ত ৫৭ বলে ১৪ চার ও ২ ছক্কায় তুলে নেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। তার অপরাজিত ১০৮* রানের ইনিংসে ভর করে সহজ জয় পায় রংপুর।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হাসান ইসাখিলের ব্যাটে চড়ে ২ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে নোয়াখালী। যদিও শুরুটা ছিল খুবই ধীরগতির। প্রথম ১০ ওভারে মাত্র ৪৭ রান তুলেছিল তারা। কিন্তু ১১তম ওভার থেকে খোলস ছেড়ে বের হন ইসাখিল ও হায়দার আলী।

বিশেষ করে শেষ ৫ ওভারে রংপুর বোলারদের ওপর তান্ডব চালান ইসাখিল। ব্যক্তিগত ৮৬ রানে জীবন পেয়ে ৭০ বলে বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৭২ বলে ১০ ছক্কা ও ৪ চারে ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি। এটি বিপিএলের ইতিহাসে কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি।

আরও পড়ুন

×