ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘সরকার ও বিসিবি আমাদের অভিভাবক, তাদের সিদ্ধান্তই মানব’

‘সরকার ও বিসিবি আমাদের অভিভাবক, তাদের সিদ্ধান্তই মানব’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১৪:৫৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১৪:৫৮

রাত পোহালেই বিপিএলের দ্বাদশ আসরের জমজমাট ফাইনাল। শুক্রবারের সেই মহারণের চেয়েও মিরপুরের বাতাসে এখন বড় আলোচনার বিষয় বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ বৃহস্পতিবার বিকেলে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেই বৈঠকের আগে বিশ্বকাপ দলে থাকা শেখ মেহেদী  বললেন, সরকার ও বিসিবির সিদ্ধান্তই মেনে চলা উচিত ক্রিকেটারদের।

মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘ক্রিকেটার হিসেবে কে না চায় বিশ্বকাপ খেলতে? সবাই চায়। তবে এটি পুরোপুরি বোর্ড ও সরকারের সিদ্ধান্ত। তারা আমাদের অভিভাবক। তারা যা ভালো মনে করবেন, ক্রিকেটার হিসেবে আমাদের সেটাই করা উচিত।’

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অনীহা জানিয়ে আসছিল বিসিবি। তবে বুধবারের বোর্ড সভায় আইসিসি সেই দাবি নাকচ করে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। এমন পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টা সময় চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সংকটময় এই মুহূর্তে খেলোয়াড়দের মতামত জানতে আজ বিকেল ৩টায় বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা। সেখানে কী আলোচনা হতে পারে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ক্রিকেটারদের মাঝেও। মেহেদী বলেন, ‘বিশ্বকাপ দলে থাকা সবাইকে ব্যক্তিগতভাবে মেসেজ দেওয়া হয়েছে বৈঠকের জন্য। তবে কী বিষয়ে কথা হবে, তা এখনই বলা যাচ্ছে না। ওখানে গেলেই আসলে রহস্যটা বোঝা যাবে।’

আরও পড়ুন

×