ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিগ ব্যাশ

আসর সেরা স্পিনার হয়েও ফাইনালে যাওয়া হলো না রিশাদের

আসর সেরা স্পিনার হয়েও ফাইনালে যাওয়া হলো না রিশাদের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ১৮:৫২

বিগ ব্যাশ লিগে নিজের অভিষেক আসরটা বল হাতে দারুণভাবে রাঙালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। কিন্তু ব্যক্তিগত উজ্জ্বল্য দিয়েও দলকে ফাইনালে তুলতে পারলেন না তিনি। চ্যালেঞ্জার ম্যাচে শক্তিশালী সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তার দল হোবার্ট হারিকেন্স। এই জয়ে ফাইনালে জায়গা করে নিল সিডনি। বিদায়ের ম্যাচেও বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করেছেন রিশাদ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দলের হারের দিনে ২ উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার।

দল ফাইনালের আগে ছিটকে গেলেও রিশাদ হোসেনের জন্য এবারের বিগ ব্যাশ ছিল স্বপ্নের মতো। প্রথমবার অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েই বাজিমাত করেছেন তিনি। পুরো আসরজুড়ে তার পারফরম্যান্স ছিল ধারাবাহিক। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে আসর শেষ করলেন রিশাদ। পরিসংখ্যান বলছে, চলতি আসরে স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ হোসেন। তার সমান ১৫টি করে উইকেট পেয়েছেন পার্থ স্কর্চার্সের কুপার কনোলি ও অ্যাডিলেইড স্ট্রাইকার্সের লয়েড পোপ।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হোবার্ট অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ ফেলেন স্টিভেন স্মিথ। তার ৬৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রানের পাহাড়সম সংগ্রহ পায় সিডনি। স্মিথ ছাড়াও জোয়েল ডেভিস (২৭) ও মোজেস হেনরিকস (১৯) কার্যকরী ইনিংস খেলেন। হোবার্টের বোলারদের মধ্যে রিলে মেরেডিথ ৩টি এবং রিশাদ হোসেন ও বিলি স্টানলেক ২টি করে উইকেট শিকার করেন।

১৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই খেই হারায় হোবার্ট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। অধিনায়ক বেন ম্যাকডারমোট (৪০) এবং বো ওয়েস্টার (২৪) কিছুটা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ব্যাট হাতে ১ ছক্কায় ৮ বলে ১১ রান করেন রিশাদ। শেষ পর্যন্ত ১৪১ রানেই গুটিয়ে যায় হোবার্টের ইনিংস।

আরও পড়ুন

×