তানজিদের শতকে ফাইনালে রাজশাহীর বড় পুঁজি
তানজিদ তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ১৯:৫৯
বিপিএল ফাইনালে এক মহাকাব্যিক ইনিংস খেললেন তানজিদ হাসান তামিম। তরুণ এই ওপেনারের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ভর করে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর শুরুটা ছিল বেশ সতর্ক। ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান প্রথম দুই ওভারে ঝুঁকি নেননি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলতে থাকেন তারা। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে শক্ত ভিত পায় রাজশাহী। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ১১তম ওভারে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে ফারহান ৩০ বলে ৩০ রান করে ফিরলে ভাঙে এই জুটি।
ফারহান ফেরার পর অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে (১৫ বলে ২৪) নিয়ে এগিয়ে যান তানজিদ। ইনিংসের ১২তম ওভারে ব্যক্তিগত ৫৪ রানে জীবন পান তানজিদ। আমের জামালের বলে স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন তানজিদ। কিন্তু সহজ সেই ক্যাচ ফেলে দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। জীবন পেয়ে আর পেছনে ফিরে তাকাননি তানজিদ। ২৯ বলে ফিফটি স্পর্শ করা তানজিদ ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিতে কষ্ট হলেও ব্যাট হাতে থামেননি। চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে মাত্র ৬১ বলে তুলে নেন বিপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১৯তম ওভারে আউট হওয়ার আগে তানজিদ খেলেছেন ৬২ বলে ১০০ রানের ইনিংস।
বিপিএলের ইতিহাসে ক্রিস গেইল ও তামিম ইকবালের পর তৃতীয় ব্যাটার হিসেবে ফাইনালে সেঞ্চুরির কীর্তি গড়লেন তানজিদ। এছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিপিএলে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক এখন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুইটি করে সেঞ্চুরি আছে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের। বিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিন সেঞ্চুরি করা তানজিদ। ৫ সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন গেইল।
শেষদিকে রাজশাহীর রানের গতি কিছুটা কমে আসে। জিমি নিশাম ৭ রানে অপরাজিত থাকেন এবং অধিনায়ক শান্ত ১১ রানে আউট হন। রাজশাহীর ইনিংস শেষ হয়েছে ৪ উইকেটে ১৭৪ রানে। চট্টগ্রাম রয়্যালসের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম ও শরিফুল ইসলাম। এদিকে বল হাতে চট্টগ্রামের শরিফুল ইসলাম এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন। ১২ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৬টি।
