টিটিতে মুনির অধ্যায়ের সমাপ্তি
টিটির খন্দকার হাসান মুনির। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ২০:৪৯
কখনও ছিলেন সাধারণ সম্পাদক, আবার কখনও বসেছিলেন সহসভাপতির চেয়ারে। যে চেয়ারেই বসেছেন, টেবিল টেনিসে নিজের ক্ষমতা দেখিয়েছিলেন খন্দকার হাসান মুনির। নানান অনিয়মের অভিযোগ তাঁর বিরুদ্ধে ছিল। এমনকি টেবিল টেনিসের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা মুনিরের বিরুদ্ধে একাট্টা হয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন। তবুও তাঁকে সরানো যায়নি। এমনকি দেশের পটপরিবর্তনের পর অনেক সংগঠক পদ হারালেও টেবিল টেনিসের মুনির ঠিকই টিকে যান।
সার্চ কমিটির সুপারিশে তাঁকে টিটির সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে এক বছরের মাথায় পুনর্গঠন হওয়া টেবিল টেনিস ফেডারেশনের এবারের অ্যাডহক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে মুনিরকে। সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ল্যাবএইড গ্রুপের পরিচালক ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের।
জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক সরকারি পরিপত্রে ফেডারেশনের অ্যাডহক কমিটি এক বছরের মাথায় পুনর্গঠন করা হয়। এ পুনর্গঠনে সহসভাপতি পদে খন্দকার হাসান মুনির সুমনের স্থলে ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে কমিটির সদস্যপদ থেকে সাফিল রাজ আজগর কবীর এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধিকে বাদ দেওয়া হয়েছে।
ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের একজন নিয়মিত টেবিল টেনিস খেলোয়াড়। গত ১৬ জানুয়ারি শেষ হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে তিনি রাউন্ড অব ৬৪ পর্যন্ত অংশগ্রহণ করেন। খেলোয়াড় হিসেবে সক্রিয় থাকার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এইচ জামান।
সহসভাপতি হিসেবে আছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু। সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট), যুগ্ম সম্পাদক জাতীয় পদকপ্রাপ্ত সাবেক খেলোয়াড় নাসিমুল হাসান কচি এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মো. ইব্রাহিম হোসেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন ডা. আতাইয়া রাব্বি মাহমুদ ইমন, পিয়া আফ্রিনা খালেদা হক, চট্টগ্রামের সংগঠক আবু সুফিয়ান নোমান, আইটিটিএফ লেভেল-টু কোচ মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলের অধিনায়ক মো. নাজমুল হোসাইন, বিকেএসপি এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি।
- বিষয় :
- টেবিল টেনিস ফেডারেশন
