ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিপিএলে ঢাকার টাকা দেবে কে

বিপিএলে ঢাকার টাকা দেবে কে
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ১১:২৯

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বুধবার আলোচনার বিষয় ছিল বিপিএলের র‍্যাঙ্কিং। বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে বিপিএলকে দশম স্থানে রাখা হয়েছে। ক্রিকেট বোর্ড কর্মকর্তারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুও এই বাস্তবতা মেনে নিচ্ছেন। তবে টুর্নামেন্টের বদনাম ঘুচিয়ে আগামী পাঁচ বছরে সেরা পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগের একটিতে বিপিএলকে উন্নীত করতে চান তিনি। বিপিএল কেন নিচের দিকের টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ– জানতে চাওয়া হলে ইফতেখার রহমান জানান, আগের আসরগুলোতে কিছু ফ্র্যাঞ্চাইজি নিয়ম মানেনি। ইন্টেগ্রিটির ক্ষেত্রেও ঢিলেঢালা ছিল। ওই জায়গাগুলোতে এবার বেশ উন্নতি হয়েছে বলে মনে করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা।

ইন্টেগ্রিটি ইস্যুতে কিছু উন্নতি হলেও খেলোয়াড়দের সম্মানী দেওয়া নিয়ে প্রশ্ন আছে। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাত্র ২৭ শতাংশ টাকা পেয়েছেন বলে জানা গেছে। এই ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটার জানান, লিগের শুরুতে ২৫ শতাংশ টাকা পেয়েছেন তারা। লিগ শেষ হলে দুই লাখ টাকা করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের হাতে। অথচ ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তি অনুযায়ী ১০ জানুয়ারির মধ্যে মোট সম্মানীর ৭৫ শতাংশ পরিশোধ করার কথা। 

এ ব্যাপারে জানতে চেয়ে ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতিক ফাহাদকে ফোন করে পাওয়া যায়নি। ক্রিকেটাররা জানান, তাদের ফোনও ধরছেন না আতিক ফাহাদ। একজন ক্রিকেটার জানান, ইমাদ ওয়াসিম টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানে ফিরে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে টাকার জন্য আবেদন জানাতে পারেন দেশি-বিদেশি ক্রিকেটাররা। বিপিএল সম্পন্ন হওয়ার পরও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররাও প্রাপ্য সম্মানী পাননি। চেক পেলেও সেগুলো বাউন্স করছে। তবে নোয়াখালী এক্সপ্রেস বিসিবিতে আবেদন করেছে গচ্ছিত দুই কোটি টাকার পে-অর্ডার থেকে ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করার জন্য। সিলেট টাইটান্স থেকেও বিসিবিতে আবেদন করা হবে বলে জানা গেছে। যদিও জামানত হিসেবে বিসিবিকে মাত্র দেড় কোটি টাকার পে-অর্ডার দিয়েছে সিলেট।

লিগ পর্বে সম্মানীর ৭৫ শতাংশ পরিশোধের নিয়ম থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো সে নিয়মের তোয়াক্কা করে না। এ ব্যাপারে ইফতেখার রহমান মিঠুর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ঢাকা ক্যাপিটালস থেকে আমরা কোনো আবেদন পাইনি। আমরা সব ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিকের তথ্য নিচ্ছি। তথ্য হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার পাঁচ কোটি টাকার ব্যাংক জামানত আছে। প্রয়োজন হলে সেটি ভাঙিয়ে দেশি-বিদেশি ক্রিকেটারদের টাকা পরিশোধ করা হবে। নোয়াখালী আবেদন করেছে পে-অর্ডার থেকে ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করতে। আমরা হিসাব গুছিয়ে এনে নোয়াখালীর ক্রিকেটারদের টাকা পরিশোধ করে দেব।’ 

বিসিবির তথ্য অনুযায়ী নোয়াখালীর দেশি ক্রিকেটারদের দুই কোটি তিন লাখ টাকা বাকি। দলটির বিদেশি ক্রিকেটারদের বকেয়া সম্পর্কেও খোঁজ নিচ্ছে বিসিবি। বিপিএলের বাকি তিন দলের মধ্যে রংপুর রাইডার্স দেশি ক্রিকেটারদের ৫০ শতাংশ সম্মানী পরিশোধ করেছে। বাকি টাকা আগামী সপ্তাহে দেওয়া হবে বলে জানান দলটির একজন অফিসিয়াল। ১০ কোটি টাকা ব্যাংক জামানত দেওয়া একমাত্র দল রংপুর রাইডার্স। 

পে-অর্ডার বা ব্যাংক জামানত না দেওয়া রাজশাহী ওয়ারিয়র্স দ্বাদশ বিপিএলের চ্যাম্পিয়ন। ফাইনাল ম্যাচ খেলার আগেই ক্রিকেটারদের বেশির ভাগ সম্মানী পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ হান্নান সরকার। চট্টগ্রাম রয়্যালসের খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফদের বেতন দেবে বিসিবি। শেখ মেহেদীদের তাই দুশ্চিন্তা নেই ঢাকার ক্রিকেটারদের মতো।

আরও পড়ুন

×