নারী এশিয়ান কাপ
দল নিয়ে ক্ষোভ বাটলারের
ফুটবলারদের সঙ্গে পিটার বাটলার। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ২১:২১
বুধবার সকালে নারী জাতীয় দলকে করিয়েছেন অনুশীলন। সন্ধ্যায় অর্পিতা বিশ্বাস-আলফি আক্তারদের নিয়ে নেপালে পাড়ি জমান পিটার বাটলার। এরই মধ্যে গত পরশু রাতে আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৯ সদস্যের দলে প্রবাসী আনিকা রহমানও ছিলেন। যদিও পরে বিজ্ঞপ্তিতে বাফুফে জানায় ভুলভাবে তাঁর নামটি প্রাথমিক তালিকায় এসেছে। এটা নিয়েও চলছে সমালোচনা।
তবে বেশি সমালোচনা হচ্ছে নারী সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, নীলুফার ইয়াসমিন নীলার মতো খেলোয়াড়দের দলে না রাখায়। নানা সমালোচনার মধ্যে গতকাল এশিয়ান কাপের দল নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ কোচ। উইমেন’স এশিয়ান কাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরুর পর ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে মেয়েরা।
গত বছরের জানুয়ারিতে বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করাদের মধ্যে প্রাথমিক দলে আছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা ও শামসুন্নাহার।
সাবিনা-মাসুরারা প্রাথমিক দলে না থাকলেও দল চূড়ান্ত করার আগে যে পরিবর্তন আসতে পারে, সে ইঙ্গিত নিজের ফেসবুক পোস্টে দিয়েছেন বাটলার, ‘আমি একটি বিষয় পুরোপুরি পরিষ্কার করে দিতে চাই যে, আমি এখনও চূড়ান্ত দল ঘোষণা করিনি। সবার জন্যই সুযোগ উন্মুক্ত রয়েছে। আমরা বর্তমানে খেলোয়াড়দের নিয়ে একটি প্রাথমিক অনুশীলন দল গঠন করেছি। লিগে পাওয়া চোটের কারণে কয়েকজনের খেলা নিয়ে সংশয় রয়েছে। আমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিদেশে অনুশীলন ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়নি। তাই আমি নেপালে অনূর্ধ্ব-১৯ দলটিকে পর্যবেক্ষণ করার পাশাপাশি এই বর্তমান দলটিকে সাত দিনের জন্য মূল্যায়ন করছি। অনূর্ধ্ব-১৯ দলের এক-দুজন অসাধারণ তরুণ প্রতিভা এএফসি এশিয়ান কাপের জন্য আমাদের বিবেচনায় রয়েছে।’
কয়েক দিন আগে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে ক্যাম্প করে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। কিন্তু পোস্টে ক্যাম্পের ব্যবস্থা করতে না পারার কথা ফের উল্লেখ করেছেন বাটলার, ‘এটি দুর্ভাগ্যজনক যে, আমরা বিদেশে ক্যাম্পের ব্যবস্থা করতে পারিনি, তবে আমরা অত্যন্ত ইতিবাচক এবং উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের এক দল রোমাঞ্চকর তরুণ খেলোয়াড় রয়েছে, যারা ফলাফল যেটাই হোক না কেন বাংলাদেশের জার্সি গায়ে গর্বের সঙ্গে লড়াই করবে!’
- বিষয় :
- পিটার বাটলার
- নারী ফুটবল
- বাফুফে
