পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে আইসল্যান্ড-উগান্ডার ‘রসিকতা’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ১৯:২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। অথচ টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটছেই না। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পিসিবির বিশ্বকাপ বয়কটের হুমকির মধ্যেই এবার নতুন নাটকের অবতারণা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানের এমন সিদ্ধান্তহীনতাকে কেন্দ্র করে হাস্যরস আর খোঁচাখুঁচিতে মেতেছে আইসিসির দুই সহযোগী দেশ আইসল্যান্ড ও উগান্ডা।
পাকিস্তানের বয়কটের গুঞ্জনের সুযোগ নিয়ে সবার আগে ‘ট্রল’ শুরু করে ক্রিকেট আইসল্যান্ড। এক্স হ্যান্ডেলে এক পোস্টে পিসিবিকে কটাক্ষ করে তারা লেখে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি তারা ২ ফেব্রুয়ারি সরে দাঁড়ায়, আমরা সঙ্গে সঙ্গে রওনা দিতে প্রস্তুত। যদিও ৭ ফেব্রুয়ারির আগে কলম্বো পৌঁছানোর ফ্লাইটের সূচি বড়ই ঝামেলার। তার ওপর আমাদের ওপেনার তো আবার অনিদ্রায় ভোগে!’
আইসল্যান্ডের সেই পোস্টে সাড়া দিয়ে পাকিস্তানের জায়গায় খেলার ইচ্ছা প্রকাশ করে উগান্ডা ক্রিকেট। আইসল্যান্ডকে ট্যাগ করে তারা লেখে, ‘যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জায়গা খালি থাকে, তবে উগান্ডা সম্পূর্ণ প্রস্তুত। প্যাকড, প্যাডেড এবং পাসপোর্ট নিয়ে আমরা তৈরি। কোনো বিমানই ইউ-টার্ন নেবে না। তাপ, চাপ এবং শব্দকে ভয় না পেয়েই আমরা আসছি।’
Dear @ICC,
— Cricket Uganda (@CricketUganda) January 29, 2026
If a T20 World Cup seat opens, Uganda is ready - packed and padded.
Passports warm (not ice). No bakers leaving ovens or ships U-turning.
Heat, noise, pressure? We’ll bring the bold kit.
Yours,
Ready when you are 🇺🇬🏏 https://t.co/6FAsQDLcXw
উগান্ডার আগ্রহের পর আইসল্যান্ড আবারও একটি দীর্ঘ পোস্ট করে নিজেদের অপেশাদারিত্বের কথা তুলে ধরে খোঁচা দেয় পাকিস্তান ও স্কটল্যান্ডকে। পোস্টে তারা লেখে, ‘হাতে সময় এতই কম যে, আমাদের পক্ষে আর খেলা সম্ভব নয়। আমরা স্কটল্যান্ডের মতো নই যে, কিট স্পন্সর ছাড়াই যখন-তখন হুট করে খেলতে চলে আসব। আমাদের অধিনায়ক একজন পেশাদার বেকার, তাকে তার ওভেনের যত্ন নিতে হবে। আমাদের জাহাজের ক্যাপ্টেনের জাহাজ চালাতে হবে, আর ব্যাংকারদের দেউলিয়া হতে হবে। অপেশাদার ক্রিকেটের এটাই রূঢ় বাস্তবতা।’
পোস্টের শেষে উগান্ডাকে শুভকামনা জানিয়ে তারা বলে, ‘আমাদের এই ক্ষতি সম্ভবত উগান্ডার জন্য লাভজনক হবে।’ যার জবাবে উগান্ডা আবারও পাল্টা লেখে, ‘আমাদের পাসপোর্ট প্রস্তুত। কোনো বেকারকে ওভেন ফেলে আসতে হবে না।’
রসিকতার শেষ পেরেকটি আইসল্যান্ড ক্রিকেট বোর্ড করেছে আইসিসিকে নিয়ে। নিজেদের শেষ পোস্টে তারা লেখে, ‘আমরা এখনো আইসিসির কাছ থেকে কোনো উত্তর পাইনি। ভেবেছিলাম ভুল করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে ট্যাগ করেছি। কিন্তু না, আমরা ঠিকই করেছি। সম্ভবত তারা পাফিন পাখির মাধ্যমে চিঠিতে উত্তর দেয়।’
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এই ঘটনার জেরে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আসছে। শুক্রবার অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান সরকার।
