ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফুটসাল জিতে ফুটবলে ফেরার আর্তি

ফুটসাল জিতে ফুটবলে ফেরার আর্তি
×

সাবিনা খাতুন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৩:১১

২০২২ ও ২০২৪ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছিল সরকার। থাইল্যান্ডে সাফ ফুটসালে শিরোপাজয়ী দলের জন্য এবার একই রকম ব্যবস্থা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে ঢাকা শহর প্রদক্ষিণ করে বাংলাদেশের মেয়েরা চলে যান হাতিরঝিলের এম্ফিথিয়েটারে; যেখানে রাতে তাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে দেওয়া হয় বীরোচিত সংবর্ধনা। রাজকীয় বরণ যেমন প্রাপ্য, তেমনি করে সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, নীলুফার ইয়াসমীন নীলা, কৃষ্ণা রানী সরকার, শামসুন্নাহার সিনিয়রের কাছে এই ট্রফিটি উপেক্ষার জবাব দেওয়ার। 

সাবিনাসহ জাতীয় দলের অভিজ্ঞদের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপে বিবেচনায় রাখেননি কোচ পিটার বাটলার। ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার পর মাসুরা-সুমাইয়াদের পুনরায় জাতীয় ফুটবল দলে নিতে সরগরম ক্রীড়াঙ্গন। দেশের ডাকে সাড়া দিতে সাবিনারাও তৈরি। প্রশ্ন হচ্ছে ব্রিটিশ কোচ কি তাদের ফেরাবেন? তিন দিন আগে বাটলার অবশ্য জানিয়েছেন সবার জন্য দল উন্মুক্ত। বাস্তবে তা কতটা দেখাতে পারেন ব্রিটিশ এ কোচ তা নিয়েও আছে সংশয়।

দুই বছর আগে কাঠমান্ডু সাফে কোচের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের শুরু। সেখান থেকে গত বছরের শুরুর দিকে ব্রিটিশ এ কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ১৮ নারী ফুটবলার। কয়েকবার আলোচনার টেবিলে বসার পর মেয়েদের ফুটবলের অশান্তির আগুন কিছুটা নেভে। অধিনায়ক সাবিনাসহ মাসুরা, সুমাইয়াকে বাতিলের খাতায় ফেলে দেন বাটলার। তাদের ছাড়া ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা এশিয়ান কাপের বাছাইপর্বের ডিঙ্গি পাড়ি দিয়ে কাটেন মূল পর্বের টিকিট। কিন্তু বাংলাদেশ নারী জাতীয় দল সর্বশেষ চার ম্যাচে হারের পর সাবিনা আর মাসুরাকে ফেরানোর দাবি ওঠে। 

অধিনায়ক সাবিনাও দেশের ডাকে সাড়া দিতে চান, ‘ক্যারিয়ারে বেশির ভাগ সময় ফুটবল খেলেছি। এখন দেশের প্রয়োজনে ডাকলে অস্ট্রেলিয়াতেও খেলব। যদি সেখানে অবদান রাখার সুযোগ থাকে, তাহলে কেন খেলব না।’ 

সাবিনাদের জাতীয় দলে ফেরায় বড় বাধা কোচ বাটলার। একগুঁয়ে স্বভাবের এ ইংলিশম্যান নিয়ে তাই কিছু বলতে চান না সাবিনা, ‘এ নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। আমি চাই না নতুন করে কোনো বিতর্ক হোক। তিনি তাঁর মতো করে কাজ করছেন।’

এশিয়ান কাপ সামনে রেখে জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। বর্তমানে নারী লিগের খেলা দেখা বাংলাদেশ কোচ মিশন অস্ট্রেলিয়ার পরিকল্পনা সাজাতে ব্যস্ত। ২৯ সদ্যসের প্রাথমিক দল ঘোষণা করলেও চূড়ান্ত স্কোয়াডে নতুন কয়েকজনকে যুক্ত করতে পারেন বাটলার। ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনার মতো তারকাকে বাংলাদেশ দলে নেওয়ার অনুরোধ বাফুফে থেকে গেছে বলে জানা গেছে। তবে ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে বাটলার বাদ পড়াদের নিয়ে ভাবছেন না। ফুটসালের সাফল্যকে ফুটবলের সঙ্গে মেশানোর পক্ষে নন তিনি।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতার তিনটি আসরে বাংলাদেশকে শিরোপা এনে দেওয়ার অন্যতম কারিগর সাবিনা খাতুন। তাই তো অস্ট্রেলিয়ায় বড় মঞ্চে সাবিনার মতো অভিজ্ঞ ফুটবলারের প্রয়োজন আছে বলে মনে করছেন ফুটবল-সংশ্লিষ্টরা। সবার এই চাওয়া বাটলারের কাছে কতটা মূল্যবান, তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন

×