ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিশ্বকাপ শেষ কামিন্সের, জায়গা হলো না স্মিথেরও

বিশ্বকাপ শেষ কামিন্সের, জায়গা হলো না স্মিথেরও
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৫:৩১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৬:০৮

ইনজুরির শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের। শুধু কামিন্সই নন, চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথেরও। শনিবার আইসিসির বেঁধে দেওয়া দল পরিবর্তনের শেষ দিনে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত কয়েক মাস ধরেই পিঠের নিচের অংশের চোটে ভুগছিলেন কামিন্স। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে এই চোট তাকে ভোগাচ্ছে। গত সাড়ে ছয় মাসে কেবল অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টে মাঠে নেমেছিলেন তিনি। সম্প্রতি স্ক্যান রিপোর্টে ইতিবাচক ফলের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলার মতো ফিটনেস ফিরে পাননি এই পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, তার সেরে উঠতে আরও সময়ের প্রয়োজন।

অন্যদিকে, বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফর্ম করে দলে ফেরার জোরালো দাবি জানালেও নির্বাচকদের মন গলাতে পারেননি স্টিভ স্মিথ। অভিজ্ঞ এই ব্যাটারকে ছাড়াই চূড়ান্ত দল সাজিয়েছে অজিরা। টি-টোয়েন্টি ফরম্যাটে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকায় শেষ পর্যন্ত তরুণদের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

কামিন্স ছিটকে গেলেও অজি শিবিরে স্বস্তির খবরও আছে। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন জশ হেজেলউড, নেথান এলিস ও টিম ডেভিড। আগামী ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিচেল মার্শের দল। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষ জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমান।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন

×