ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবির
আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে করমর্দন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের, পাশে পিসিবি প্রধান মহসিন নাকভি। ছবি- পিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:৩৫ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:৩৯
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছিল পাকিস্তান। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ বয়কটের মতো সিদ্ধান্তও নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পাকিস্তানকে মাঠে নামার অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিশ্বকাপ সংক্রান্ত জটিলতা নিরসনে পিসিবি ও আইসিসির সঙ্গে জরুরি বৈঠক শেষে সোমবার লাহোর থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। ফিরেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি পিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নমনীয় হওয়ার আহ্বান জানান।
বিসিবি সভাপতি তার বিবৃতিতে বলেন, ‘লাহোরে আমার সংক্ষিপ্ত সফর এবং আলোচনার প্রেক্ষিতে, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি খেলার জন্য আমি পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর থেকেই পাশে ছিল পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং পাকিস্তানের সাধারণ সমর্থকদের এই ভালোবাসায় মুগ্ধ বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে আন্তরিকতা ও সহযোগিতার উদাহরণ রেখেছে, তাতে আমরা গভীরভাবে আপ্লুত। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও পাকিস্তানের সমর্থকদের ধন্যবাদ। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘদিন ধরে সমৃদ্ধ হোক, এই কামনাই করি।’
উল্লেখ্য, গত মাসের শুরুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। কিছুদিনের টানাপোড়েনের পর বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এরপরই বাংলাদেশের পাশে থাকার কথা জানায় পিসিবি এবং পরে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না তারা। তবে লাহোরের বৈঠক ও বিসিবির সংবাদ বিজ্ঞপ্তির পর এখন ভারত-পাকিস্তান ম্যাচটি হচ্ছে বলেই ধরে নেওয়া যায়।
