ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কলম্বোর আকাশে মেঘ, বাতাসে বারুদ

কলম্বোর আকাশে মেঘ, বাতাসে বারুদ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০৮

সাগর পারের কলম্বো কদিন ধরেই খামখেয়ালি, এই মেঘ তো এই বৃষ্টি। আবহাওয়ার রিপোর্ট বলছে আজ সন্ধ্যায় প্রেমাদাসা স্টেডিয়ামে যখন ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার কথা, তখন কলম্বোর আকাশ মুখ ভারী করেই থাকবে। বৃষ্টির সঙ্গে ব্রজপাতও হতে পারে। অবশ্য আকাশে মেঘ থাকলেও বাতাসে সেখানে বারুদেরই গন্ধ! দুই প্রতিবেশীর প্রজন্মের এই লড়াইয়ে জড়িয়ে আছে বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক স্বার্থ আর ভূরাজনীতির রং। এটা সেই ম্যাচ যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার কোটি, এটা সেই ম্যাচ যা  ‘খেলব না’ বলেও ইউটার্ন নিয়েছে পাকিস্তান, এটা সেই ম্যাচ যার ‘বরফ গলেছে’ লাহোরে পিসিবি-আইসিসি-বিসিবির শান্তি বৈঠকে। যদিও সেখানে ঠিক করা হয়নি আজকের ম্যাচে দুই দলের খেলোয়াড়রা হাত মেলাবেন কিনা? তবে পাকিস্তান অধিনায়ক সালমান আগা ক্রিকেটের সৌন্দর্য আর ভদ্রতার বিষয়টিই সামনে এনেছেন। ‘ক্রিকেটারদের ক্রিকেট স্পিরিটের কথা মাথায় রেখেই খেলা উচিত। আমরা হাত মেলাব কিনা, সেটা কালই দেখা যাবে। বাকিটা ভারতের হাতে।’ কলম্বোয় গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন তারা মানসিকভাবে প্রস্তুত এই ম্যাচ খেলার জন্য।

আসলে ম্যাচটি যে নেহাত শুধু ক্রিকেট ম্যাচ নয়, একটা রক্তচাপ মাপার যন্ত্র– সেটা ভালো করেই জানেন সালমান। ইতিহাস বলে টি২০ বিশ্বকাপের আসরে আটবারের দেখায় একবারই মাত্র জিতেছে পাকিস্তান। ইতিহাস এটাও বলে স্নায়ুর পরীক্ষায় পাকিস্তান একেবারে ছেড়ে কথা বলেনি। টক্কর হয়েছে সমানে সমানে। এবারও তারা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে। ‘মাঠের বাইরের সিদ্ধান্ত যেটাই আসুক না কেন আমরা সবসময় এই ম্যাচের জন্য প্রস্তুত ছিলাম।’ পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে ভারতীয় মিডিয়ায় কথা হচ্ছে বেশ। তাদের সামনেই এদিন জবাবটা দিয়ে দিলেন সালমান। জানিয়ে দেন এই উসমান তারিক হতে যাচ্ছে তাঁর আজকের ম্যাচের ট্রাম্পকার্ড। ‘আইসিসি এর আগে দু-দুবার তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষা করে সঠিক বলেছে, তাই তাঁকে নিয়ে চিন্তা নেই। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাঁর আছে।’ ভারতীয় ওপেনার অভিষেক শর্মার ফিটনেস নিয়ে কানাঘুষা আছে। তবে সালমান চান আজকের ম্যাচে যেন অভিষেককে নিয়েই খেলতে নামে ভারত। ‘আশা করছি, অভিষেক সুস্থ হয়ে কাল খেলতে নামবে। আমরা তাদের সেরা দলের বিপক্ষেই লড়াই করতে চাই।’

ম্যাচে কে এগিয়ে, তা নিয়ে দুই দেশের সাবেকদের মন্তব্য আছে বিভিন্ন মিডিয়ায়। যেখানে সৌরভ গাঙ্গুলী উসমান তারিক থেকে সাবধান থাকতে বলেছেন সূর্যকুমারকে। অভিষেকের জায়গায় তিনি সঞ্জু স্যামসনকে খেলাতে বলেছেন। সুনীল গাভাস্কার পরামর্শ দিয়েছেন আর্শদীপের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলাতে। ওয়াসিম আকরাম আর শোয়েব আকতার ভারতকে এগিয়ে রাখলেও পাকিস্তানি স্পিনারদের সাম্প্রতিক ফর্মের প্রশংসা করেছেন। তবে সব আয়োজনে তৃতীয় একটি পক্ষ এদিনের ম্যাচে টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। আবহাওয়া রিপোর্ট বলছে, কলম্বোতে সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা আছে ৬০ শতাংশ। যদিও মাঠের ড্রেনেজ ব্যবস্থা বেশ ভালো, তার পরও ম্যাচের ওভার কমে আসতে পারে এবং পরে ব্যাটিং করা দলকে সমীকরণ মিলিয়ে এগিয়ে যেতে হতে পারে। 

গেল কয়েকদিন ম্যাচটি ঘিরে চরম নাটকীয়তার পর এবার মাঠে ভারতকে হারানোর চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ফাহিম আশরাফ এক ওভারে ২৪ রান নিয়ে উতরে দেন পাকিস্তানকে। তবে পরের ম্যাচটিতে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৯০ রান তুলে আত্মবিশ্বাস বাড়িয়ে নেন। দুটি ম্যাচেই তাদের ওপেনার সাহিবজাদা ফারহান ১২০ রান করেন। এই ফারহানকে নিশ্চয় ভোলেননি বুমরাহ। এশিয়া কাপে হাফসেঞ্চুরি করে ‘গান ফায়ার’ উদযাপন করেছিলেন। আজকের ম্যাচেও তাঁর দিকেই নজর থাকবে ভারতীয়দের। এমনিতে দুই দলের লড়াইকে সাধারণত ‘পেসার ভার্সাস ব্যাটার’ বলা হয়। 

তবে পাকিস্তানের এই দলে এই মুহূর্তে স্পিন বৈচিত্র্য অবাক করার মতো। সায়েম, আবরার, সাদাব, নেওয়াজ আর উসমান– পাঁচ স্পিনার নিয়ে সর্বশেষ ম্যাচ খেলেছে পাকিস্তান। তাদের সঙ্গে টক্কর হবে ভারতীয় স্পিনারদেরও। যেখানে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা পরীক্ষা নেবেন পাকিস্তানি ব্যাটারদের। বাবর আজমের শ্লথ ব্যাটিং বাদ দিলে সালমান, শাদাব, নেওয়াজ বেশ ছন্দেই আছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর পর বিশ্বকাপে এসে এখন পর্যন্ত অপরাজিত তারা। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের অন্যতম শক্তি তাদের ব্যাটিং গভীরতা। যুক্তরাষ্ট্র আর নামিবিয়ার সঙ্গে জয়ের পর আজই  তারা সবচেয়ে বড় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। যেখানে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরার দিকে প্রত্যাশার অনেকটা রয়েছে সমর্থকদের। আর সে কারণেই মুম্বাই-কলম্বোর ১০ হাজার রুপির টিকিট পঞ্চাশ হাজারে কেটেও অনেকে এই ম্যাচের সাক্ষী থাকতে গিয়েছেন। করাচি থেকে চার গুণ বেশিতে হোটেল বুকিং দিয়ে সমর্থকরা এসেছেন। আর তাদের উপস্থিতিতেই কলম্বো আজ ক্রিকেটের রণক্ষেত্র।

আরও পড়ুন

×