ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের স্পিন: কলম্বোয় কার পাল্লা ভারী?

ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের স্পিন: কলম্বোয় কার পাল্লা ভারী?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২০

মাঠের লড়াই ছাপিয়ে যা হয়ে ওঠে স্নায়ুযুদ্ধ। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে, যেন শ্রেষ্ঠত্বের এক অলিখিত সনদ। যদিও সাম্প্রতিক আইসিসি ইভেন্টগুলোতে সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই ফিকে। রেকর্ড বই নতুন করে লিখছে টিম ইন্ডিয়া। তবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে, তখন পরিসংখ্যানের চেয়ে বেশি কথা বলবে দুই দলের শক্তি আর দুর্বলতার সমীকরণ।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ‘ব্লকবাস্টার’ এখন মাঠে গড়ানোর অপেক্ষায়। সীমান্তের দুই পাড়েই চাপ পাহাড়সম। এই মহারণে কাদের পাল্লা ভারী? চলুন দেখে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতার চুলচেরা বিশ্লেষণ।

গ্রাফিক্স -সমকাল

টিম ইন্ডিয়ার মূল শক্তি তাদের ব্যাটিং গভীরতা। ওপেনিংয়ে ঈশান কিষান ও অভিষেক শর্মার বিধ্বংসী জুটি যে কোনো বোলিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে সক্ষম। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং রিঙ্কু সিংয়ের আস্থার প্রতীক হয়ে ওঠা ভারতের বড় স্বস্তির জায়গা। আর লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের ফিনিশিং টাচ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। বোলিংয়ে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দারুণ ছন্দে আছেন, যা কলম্বোর উইকেটে বড় অস্ত্র হতে পারে।

ভারতের দুশ্চিন্তার বড় কারণ জাসপ্রিত বুমরাহর অফ ফর্ম। পেস আক্রমণের এই নেতা ছন্দে না থাকায় ডেথ ওভারে ভুগতে হতে পারে ভারতকে। এছাড়া পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির ইনসুইং ভারতীয় টপ অর্ডারের জন্য সবসময়ই আতঙ্কের নাম। শুরুতে উইকেট হারালে মিডল অর্ডারকে পাকিস্তানের নতুন রহস্যময় স্পিনার উসমান তারিকের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

কলম্বোর টার্নিং উইকেট পাকিস্তানের জন্য আশীর্বাদ হতে পারে। আবরার আহমেদ, শাদাব খান, সায়েম আইয়ুব ও মোহাম্মদ নেওয়াজের সঙ্গে নতুন সংযোজন উসমান তারিক—তাদের স্পিন বৈচিত্র্য যেকোনো ব্যাটারের জন্যই ধাঁধাঁ। পেস ইউনিটে শাহিন শাহ ও নাসিম শাহ শুরুতেই উইকেট নিতে পারদর্শী। ডেথ ওভারে ফাহিম আশরাফের কার্যকরী বোলিংও তাদের বড় শক্তি। ব্যাটিংয়ে ওপেনার সায়েম আইয়ুব ও সাহেবজাদা ফারহান দারুণ ফর্মে আছেন, যা পাকিস্তানকে ভালো শুরুর স্বপ্ন দেখাচ্ছে।

পাকিস্তানের সবচেয়ে বড় দুর্বলতা অধিনায়ক বাবর আজমের ফর্মহীনতা। টপ অর্ডারের এই স্তম্ভ রান না পেলে মিডল অর্ডারে চাপ বাড়ে। কিন্তু সেখানেও উসমান খান ও শাদাব খানরা ছন্দে নেই। ফলে ব্যাটিং ধসের শঙ্কা থেকেই যাচ্ছে। এছাড়া ফিনিশিংয়ে ফাহিম আশরাফ ব্যর্থ হলে লেজর প্রাম্তের ব্যাটারদের পক্ষে বুমরাহ বা ভারতীয় স্পিনারদের সামলানো কঠিন হয়ে পড়তে পারে।

আরও পড়ুন

×