আলোচনায় অভিষেক আর উসমান তারিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৩৭
গেল বছর দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি মন্তব্য ঝড় তুলেছিল। পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বলে জয়ের পাল্লা তাদের এতোই ভারী যে এখন আর এই ম্যাচটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা যায় না। তবে এবার বিশ্বকাপে নামার আগে সুর নরম সূর্যকুমারের। আজকের এই ম্যাচটিকে তিনি ‘উৎসব’ বলেই উল্লেখ করেছেন।
‘যখন আপনি ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে নামবেন তখন সেটি উৎসবের চেয়েও বেশি কিছু। এটি এমন একটি মঞ্চ; যেখানে আপনি যা চাইবেন তাই পাওয়ার সুযোগ পাবেন। আসলে তাদের সঙ্গে আমাদের খুব বেশি খেলা হয় না, তাই এই ম্যাচটি অবশ্যই সবার কাছে কাঙ্ক্ষিত।’ সূর্যকুমারের আগে একই রুমে এসে সালমান আগাও ম্যাচটির গুরুত্ব বুঝিয়ে গেছেন। আসলে মাঠের বাইরে অনেক নাটকের পর অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচে ‘ক্রিকেট’ ফিরছে; যেখানে আলোচনার কেন্দ্রে দুই পক্ষের দুজন–অভিষেক শর্মা আর উসমান তারিক।
এই মুহূর্তে টি২০ র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার অভিষেক, তবে দিল্লিতে পেটের পীড়ায় হাসপাতালে ভর্তি হওয়ার পর আর মাঠে নামেননি। পাকিস্তানের বিপক্ষে দারুণ রেকর্ড তার। গেলো এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ১৯০ স্ট্রাইকরেটে ১১০ রান তুলেছিলেন অভিষেক। তাই বদলা নেওয়ার সুযোগটা এবার হাতছাড়া করতে চান না সালমান। ‘আমি আশা করব অভিষেককে নিয়েই ভারত তার সেরা দল নিয়ে আমাদের বিপক্ষে মাঠে নামুক।’
যার উত্তরে সূর্যকুমারের মুখেও হাসি। ‘পাকিস্তান অধিনায়ক যখন চাইছেন অভিষেক খেলতে নামুক, তখন তাকে নিয়েই আমরা একাদশ গড়ব।’ গেলো এশিয়া কাপের পর দুই দলের অধিনায়কের মুখে একে অন্যকে নিয়ে এভাবে কথা বলা দেখা যায়নি। যেমনটি এবার দেখা গেছে পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিককে নিয়েও।
অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে তাঁকে ঘিরে এবার আলোচনা তুঙ্গে। মিডল ওভারগুলোতে ভারতের তিলক ভার্মা আর সূর্যকুমারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন উসমান। ভারতীয় মিডিয়ার ইঙ্গিত, আজকের ম্যাচে তাঁর বোলিংয়ের সময় অভিযোগও আসতে পারে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে। কেননা কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ক্যামরুন গ্রিনও অভিযোগ জানিয়েছিলেন উসমানের থেমে গিয়ে বোলিং করার অদ্ভুত কৌশল নিয়ে।
শুধু উসমান নন, ভারতীয়দের সামনে শাহিন শাহ আফ্রিদির পুরোনো চ্যালেঞ্জটাও থাকবে। যেখানে পরিসংখ্যান বলছে ২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত আফ্রিদি পনেরো ম্যাচে তাঁর প্রথম ওভারেই উইকেট নিয়েছেন। পাকিস্তানের জন্যও এমন পুরোনো একজন ভারতীয় বোলার রয়েছেন যে কিনা বারবার চ্যালেঞ্জে ফেলেছেন তাদের। হার্দিক পান্ডিয়া, যিনি কিনা পাকিস্তানের বিপক্ষে এখনও পর্যন্ত আট ইনিংসের সবকটিতে উইকেট পেয়েছেন।
- বিষয় :
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ভারত-পাকিস্তান
