ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারতকে হারাতে পাকিস্তানের টার্গেট ১৭৬

ভারতকে হারাতে পাকিস্তানের টার্গেট ১৭৬
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১৩

কলম্বোর প্রেমাদাসায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চমকে গিয়েছিল ভারত। কিন্তু সেই ধাক্কা সামলে ইশান কিষান একাই বইয়ে দিলেন রানের বন্যা। তার বিধ্বংসী ৭৭ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। পাকিস্তানকে জিততে করতে হবে ১৭৬ রান। 

ম্যাচের শুরুতেই বড় চমক দেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। পেসারদের বদলে নিজে বোলিং ওপেন করতে আসেন। আর এসেই বাজিমাত! তার অফ স্পিনে ছক্কা হাঁকাতে গিয়ে প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন ভারতের ওপেনার অভিষেক শর্মা।

শুরুতে উইকেট হারালেও দমে যাননি ইশান কিষান। শাহিন শাহ আফ্রিদির করা দ্বিতীয় ওভারে ১৫ রান নেয় ভারত। ইশান তাকে একটি ছক্কা ও চার মারেন। তিলক একটি চার মারেন। এরপর আবরার আহমেদ, শাদাব খান কাউকেই ছাড় দেয়নি ইশান ও তিলক। মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন ইশান। শেষ পর্যন্ত সাইম আইয়ুবের বলে বোল্ড হওয়ার আগে ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইশান। দ্বিতীয় উইকেটে তিলক বর্মার সঙ্গে গড়েন ৪৬ বলে ৮৭ রানের জুটি।

ইশান ফেরার পর ভারতের রানের চাকা সচল রাখার চেষ্টা করছিলেন তিলক ভার্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু ১৫তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাইম আইয়ুব। ওভারের দ্বিতীয় বলে সেট ব্যাটার তিলক ভার্মাকে (২৪ বলে ২৫) ফেরানোর ঠিক পরের বলেই হার্দিক পান্ডিয়াকে (০) সাজঘরে পাঠান তিনি। পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে হঠাৎই চাপে পড়ে যায় ভারত।

এরপর ১৮তম ওভারে চার-ছক্কায় ভারতের রানের গতি বাড়ান দুবে ও সূর্য। আবরারকে এই ওভারে একটি ছক্কা মেরেছেন দুবে। চার মেরেছেন সূর্যকুমার। ১৯তম ওভারের পঞ্চম বলে সূর্যকে ফেরালেন উসমান তারিক। ২৯ বলে তিন চারে ৩২ রান করে ফিরলেন ভারত অধিনায়ক। ভাঙল ২৬ বল স্থায়ী ৩৩ রানের জুটি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। রিংকু ১১ রানে অপরাজিত ছিলেন। শেষ বলে ফেরেন অক্ষর প্যাটেল।

পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৪ ওভারে ২৫ রান খরচায় নেন তিন উইকেট। ১ উইকেট করে নেন উসমান তারিক ও সালমান আগা। 

আরও পড়ুন

×