জানুয়ারি মাসের সেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের সোবহানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৫
আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেয়েছেন তিনি। মাসসেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।
গত মাসে বাংলাদেশ নারী দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান ছিল ২৪ বছর বয়সী সোবহানার। টুর্নামেন্টে ৬টি ম্যাচ খেলে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছেন তিনি। এছাড়া অফ স্পিন বোলিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও শিকার করেছেন এই তারকা।
মাসসেরার দৌড়ে সোবহানার অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। তার নেতৃত্বেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আইরিশরা। জানুয়ারিতে খেলা ৬টি টি-টোয়েন্টিতে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন তিনি। বাছাইপর্বে মোট ২৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন লুইস। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৩ রানের একটি ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি তিনি।
অন্যদিকে, বল হাতে আলো ছড়িয়ে মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নরিস। জানুয়ারিতে ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন তিনি। আর পুরো বাছাইপর্বে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন নরিস। তবে তার দল যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পায়নি।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েছিলেন স্পিনার নাহিদা আক্তার। এরপর বাংলাদেশের আর কোনো নারী ক্রিকেটার এই স্বীকৃতি পাননি। এবার সোবহানার সামনে সুযোগ নাহিদার সেই কীর্তি ছুঁয়ে দেখার।
- বিষয় :
- সোবহানা মুস্তারি
