ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিসিএলে উত্তরের ক্রিকেট উৎসবে দুই সেঞ্চুরি

বিসিএলে উত্তরের ক্রিকেট উৎসবে দুই সেঞ্চুরি
×

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:০৬

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএল ম্যাচেও ছিল জাতীয় দলের খেলার আমেজ। আনুমানিক সাত হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছেন বলে মনে হয়েছে বিসিবি টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওছারের কাছে। বগুড়ার ছেলে তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়ের জন্য যেটা ছিল খুবই উৎসাহব্যঞ্জক। ঘরের মাঠে হাজার হাজার সমর্থকের সামনে ম্যাচ খেলা দারুণ অভিজ্ঞতা। 

বগুড়ার মতো না হলেও রাজশাহী স্টেডিয়ামে হাজার দেড়েক দর্শক উৎসাহ জুগিয়েছেন মেহেদী হাসান মিরাজদের। এককথায় উত্তরের মানুষ উৎসবের আমেজে স্বাগত জানিয়েছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টকে। নাজমুল হোসেন শান্তরাও হতাশ করেননি সমর্থকদের। বগুড়ায় তানজিদ হাসান তামিম ও আকবর আলীর ব্যাটে দেখেছে চার-ছক্কার ঝড়। রাজশাহীতে রানের ফোয়ারা ছড়িয়েছেন আফিফ হোসেন দ্রুব। এককথায় বিসিএলের উদ্বোধনী দিনে জমজমাট দুটি ক্রিকেট ম্যাচ হয়েছে। বগুড়ায় জিতেছে উত্তরাঞ্চল। আর রাজশাহীতে দক্ষিণাঞ্চল।

উত্তরাঞ্চল খেলেছে পূর্বাঞ্চলের সঙ্গে। একটি সেঞ্চুরি ও জোড়া হাফ সেঞ্চুরিতে ৩৩৫ রান করে উত্তরাঞ্চল। ওপেনার তানজিদ ৫৪ রান করেন ৪৪ বলে। ১২২.৭ স্ট্রাইকরেটে ইনিংস গড়েছেন আটটি চার ও একটি ছয়ে। তিন নম্বরে নামা অধিনায়ক শান্তর ৬৪ রান করতে ৮৭ বল লেগেছে। এই দুজনকে ছাপিয়ে ইনিংসের আলো কেড়ে নিয়েছেন মিডল অর্ডার ব্যাটার আকবর আলী। আটটি চার ও ছয়টি ছয়ে ৮৭ বলে ১১১ রানের ইনিংস তাঁর। রানের ম্যাচেও আলো ছড়িয়েছেন পূর্বাঞ্চলের পেসার খালেদ আহমেদ। ১০ ওভারে ৫২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। জবাব দিতে নেমে পূর্বাঞ্চলের মুমিনুল হক ৮২ বলে ৮৩ রান করেছেন সাতটি চার ও একটি ছয়ে। 

রাজশাহীতে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ ছিল দক্ষিণাঞ্চল। প্রথমে ব্যাট করতে নামা মধ্যাঞ্চলের নাঈম শেখ ৬৯, মাহফিজুল ইসলাম ৬৩ ও মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। ৭ উইকেটে ২৬৪ রান করে মধ্যাঞ্চল। জবাবে ৪৫.৩ ওভারে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণাঞ্চল। মিডল অর্ডার আফিফ  ১০০ রান করেন আটটি চার ও পাঁচটি ছয়ে। মোহাম্মদ মিঠুন ৭২, আনিসুল ইসলাম ৪৩ রান করেন। 

আরও পড়ুন

×