ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিম্বাবুয়ের সামনে সতর্ক ভারত

জিম্বাবুয়ের সামনে সতর্ক ভারত
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৪৬

দিন চারেক আগে হলেও ম্যাচটিতে নির্দ্বিধায় ভারতই ফেভারিট হিসেবে বলে দেওয়া যেত। কিন্তু মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হারের পর আজ জিম্বাবুয়ের বিপক্ষে ভারতকে একতরফা এগিয়ে রাখা সম্ভব নয়। অন্তত ভারতের কোচ গৌতম গম্ভীর নিজেই সেকান্দার রাজাদের নিয়ে ভীষণভাবে সতর্ক। ‘যদি জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারাতে পারে, তবে ভারতেরও একটি খারাপ দিন যেতে পারে।’ 

তবে আজ চেন্নাইয়ে যদি ভারতের সেই ‘খারাপ দিন’ আসে, তাহলে বিশ্বকাপই শেষ হয়ে যাবে সূর্যকুমার যাদবদের। সেমিফাইনালে যেতে হলে আজ জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে স্বাগতিকদের। হারলেই বাদ, তখন হাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি জিতলেও সেমিতে যাওয়া সম্ভব হবে না বুমরাহদের। সে কারণেই আজকের ম্যাচের একাদশ সাজাতে কৌশলী হতেই হবে ভারতকে। অভিষেক শর্মা আর তিলক ভার্মার মধ্যে যে কাউকে বসিয়ে সঞ্জু স্যামসনকে খেলানোর গুঞ্জন ভারতীয় মিডিয়ায়। অন্যদিকে, ক্যারিবীয়দের কাছেও বড় ধাক্কা খেয়ে জিম্বাবুয়ে অনেকটাই আহত। তাদের অধিনায়ক সিকান্দার রাজার চোট রয়েছে আঙুলে, স্পিনাদের মধ্যেও ক্রেমার সেভাবে ছাপ ফেলতে পারেনি আগের ম্যাচে।

চেন্নাইয়ের পিচে প্রচুর রান ওঠার ইঙ্গিত আছে। আজ যে পিচে খেলা হবে, সেখানে আফগানরা নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তুলেছিল, কিউইরা যা ১৩ বল বাকি থাকতেই তাড়া করে নিয়েছিল। কানাডার ব্যাটার সামরা এই মাঠেই সেঞ্চুরি করেছিলেন। তবে ভারতের ব্যাটিং গভীরতা থাকলেও এবারের আসরে বড় রানের ইনিংস গড়তে পারছে না। একমাত্র নামিবিয়ার বিপক্ষেই ২০৯ রান করেছিল তারা। ভারতীয় ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় দুর্বলতা ধরা দিয়েছে তিলক ভার্মা আর সূর্যকুমারের স্পিন বোলিংয়ের সামনে দুর্বলতা। সূর্যকুমার এবারের আসরে স্পিনারদের বিপক্ষে এখনও পর্যন্ত ৭৪ বল খেলে ৭৯ রান করেছেন আর তিলক ৪৮ বলে করেছেন ৪৫ রান। এই স্ট্রাইকরেটের কারণেই তাদের বড় রান উঠছে না। সেই সঙ্গে অভিষেক শর্মার অফ ফর্ম। চেন্নাইয়ে আজকের একাদশে বরুণ চক্রবর্তীর সঙ্গে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের মতো স্পিনার খেলাতে পারেন সূর্যকুমার। 

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ভারতে রানরেট মাইনাস ৩.৮০। জিম্বাবুয়েও রানরেটে বেশ পিছিয়ে, মাইনাস ৫.৩৫। জিম্বাবুয়ে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়েছিল কলম্বোর মাঠে। এবার সুপার এইটে তাদের সবগুলো ম্যাচই ভারতে। এ যাবত দুটি দল এই ফরম্যাটে ১৩ বারের মুখোমুখিতে তিনটিতে জিতেছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ান বোলারদের কেউই ভালো করতে পারেননি। দুই ওপেনার মারুমানি আর বেনেট গ্রুপ পর্বে দারুণ করলেও ক্যারিবীয়দের বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

আরও পড়ুন

×