ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যাটিং ছেড়ে দর্শকের দিকে কেন তেড়ে গেলেন মিঠুন

ব্যাটিং ছেড়ে দর্শকের দিকে কেন তেড়ে গেলেন মিঠুন
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১৭

ব্যাটিং রেখে হঠাৎই বাউন্ডারি লাইনের দিকে ছুটলেন মোহাম্মদ মিঠুন। গ্যালারি থেকে ভেসে আসা কটূক্তিতে মেজাজ হারিয়ে সরাসরি দর্শকদের দিকে তেড়ে যান দক্ষিণাঞ্চলের এই ব্যাটার। প্রতিপক্ষের কোনো ক্রিকেটারের সঙ্গে নয়, এদিন সরাসরি দর্শকদের ওপরই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণাঞ্চল। ইনিংস চলাকালে গ্যালারি থেকে মিঠুনকে উদ্দেশ্য করে ‘দালাল, দালাল’ বলে স্লোগান ও কটু মন্তব্য ভেসে আসতে থাকে। একপর্যায়ে মেজাজ ধরে রাখতে না পেরে ব্যাটিং ছেড়েই বাউন্ডারি লাইনের ধারে চলে যান তিনি।

সেখানে গিয়ে দর্শকদের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কেন তাকে উদ্দেশ্য করে এমন দুয়ো দেওয়া হচ্ছে, দর্শকদের কাছে সেটারই জবাব চাইছিলেন তিনি। তবে কিছুক্ষণ পর ক্ষোভ প্রশমিত হলে মুখে হাসির রেখা টেনে পুনরায় উইকেটে ফিরে যান মিঠুন। এর আগে সর্বশেষ বিপিএলে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও গ্যালারিতে এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল।

দর্শকদের এমন রোষানলে পড়ার পেছনে বিপিএলের একটি ঘটনার যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের এক বিতর্কিত মন্তব্যের জেরে একদিন বিপিএল বন্ধ ছিল। সে সময় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হিসেবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বেই বিপিএল বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা।

এই বয়কটের পেছনে আড়াল থেকে তামিম ইকবালের সমর্থন আছে কি না, সে সময় এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছিল মিঠুনকে। মূলত ওই ঘটনার পর থেকেই মাঠে মিঠুন ও মিরাজকে প্রায়ই দর্শকদের দুয়ো শুনতে হচ্ছে। 

মাঠের এমন বৈরী পরিস্থিতির মধ্যেও ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন মিঠুন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। উত্তরাঞ্চলের বোলিং তোপে দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে মাত্র ১৪৪ রানে গুটিয়ে গেলেও মিঠুন ৭৯ বলে ৫৫ রানের লড়াকু এক ইনিংস খেলে অপরাজিত থাকেন।

আরও পড়ুন

×