ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইসিসির মাসসেরা বাংলাদেশের সোবহানা

আইসিসির মাসসেরা বাংলাদেশের সোবহানা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৪০

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফর্ম করার স্বীকৃতি পেলেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য আইসিসির সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ডানহাতি ব্যাটার।

মাসসেরার লড়াইয়ে সোবহানার সঙ্গে মনোনীত হয়েছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিস। তবে গ্লোবাল কোয়ালিফায়ারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এই দুজনকে পেছনে ফেলে মাসসেরার মুকুট জিতে নিয়েছেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার।

গত মাসে গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৪ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন সোবহানা। টুর্নামেন্টে বাংলাদেশের অপরাজিত থাকার পথে তার এই পারফরম্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখে। একটি ম্যাচে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি স্কটল্যান্ডের বিপক্ষেও ৪৭ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার সেই তালিকায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যুক্ত হলেন সোবহানা।

অন্যদিকে, পুরুষ ক্যাটাগরিতে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা দুটি সেঞ্চুরি হাঁকিয়ে এই স্বীকৃতি আদায় করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন

×