ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইফতারের বিরতিতে দর্শকদের দুয়ো, গার্দিওলার নিন্দা

ইফতারের বিরতিতে দর্শকদের দুয়ো, গার্দিওলার নিন্দা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৪:৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগে রমজান মাসে মুসলিম ফুটবলারদের রোজা ভাঙার সুবিধার্থে খেলা চলাকালীন বিরতি দেওয়ার নিয়ম চালু রয়েছে গত কয়েক বছর ধরেই। শনিবার ম্যানচেস্টার সিটি ও লিডস ইউনাইটেডের মধ্যকার ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। তবে ইফতারের জন্য দেওয়া এই বিরতির সময় গ্যালারি থেকে ভেসে আসা দুয়োধ্বনি জন্ম দিয়েছে তীব্র বিতর্কের। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। দর্শকদের ‘আরও সম্মান’ দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার লিডসের ঘরের মাঠ এল্যান্ড রোডে অনুষ্ঠিত ম্যাচটির ১৩তম মিনিটে পশ্চিম ইয়র্কশায়ারে যখন সূর্যাস্ত হয়, তখন সিটির মুসলিম ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দিতে রেফারি খেলা সাময়িকভাবে স্থগিত করেন। মাঠেই পানীয় পানের মাধ্যমে ইফতার সারেন সিটির ওমর মারমুশ, রায়ান আইত-নুরি এবং রায়ান চেরকি। বেঞ্চে থাকা আরেক ফুটবলার আবদুকোদির খুসানোভও তাদের সঙ্গে যোগ দেন। আর ঠিক সেই সময়েই গ্যালারির একাংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়।

দর্শকদের এমন অসহিষ্ণু আচরণ একদমই মেনে নিতে পারেননি পেপ গার্দিওলা। ম্যাচ শেষে কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘এটাই আধুনিক বিশ্ব, তাই না? পৃথিবীতে আজ কী হচ্ছে, তা একবার দেখুন। ধর্ম ও বৈচিত্র্যকে সম্মান করতে হবে, এটাই মূল কথা। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, রোজা ভাঙার জন্য এক-দুই মিনিট সময় নেওয়া যাবে। খেলোয়াড়রা সেটাই করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাঠে এমন একটি ঘটনা ঘটেছে।’

মাঠের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হতাশা প্রকাশ করেছে ফুটবলে বৈষম্যবিরোধী সংগঠন ‘কিক ইট আউট’। এক বিবৃতিতে তারা জানিয়েছে, রমজানে রোজা ভাঙার জন্য খেলা থামানো গত কয়েক বছর ধরে প্রিমিয়ার লিগের স্বীকৃত একটি প্রোটোকল। স্টেডিয়ামের বড় পর্দায় বিষয়টি ব্যাখ্যা করে বার্তাও দেওয়া হয়েছিল। এরপরও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের রোজা ভাঙার সময় লিডসের কিছু সমর্থকের এমন দুয়ো দেওয়ার ঘটনাটি সত্যিই ভীষণ হতাশাজনক।

আরও পড়ুন

×