মিরপুরে বিসিএল ফাইনাল আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১৩:৪৯
বগুড়া ও রাজশাহীতে বিসিএলের (বাংলাদেশ ক্রিকেট লিগ) গ্রুপ পর্বের খেলা হলেও আজ ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আর ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই দল মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল স্পোর্টিং উইকেটের প্রত্যাশা করছে। মধ্যাঞ্চলের ব্যাটার সাইফ হাসান এই টুর্নামেন্টকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন। আজকের ফাইনাল ছাড়াও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে ৭ মার্চ আরেকটি ৫০ ওভারের ম্যাচ হবে।
শান্ত-লিটনদের জন্য আজ প্রতিশোধের মিশনও। গ্রুপ পর্বে উত্তরাঞ্চলকে ২ উইকেটে হারিয়ে দিয়েছিলেন জিশান-সাইফরা। রাজশাহীতে ওই ম্যাচে রান উৎসব হয়েছিল। মিরপুরে আজকের ফাইনাল তেমনটা হবে কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে। মিরপুরের উইকেট বরাবরই রহস্যময় আচরণের জন্য পরিচিত।
তবে আজকের ফাইনালে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছেন উত্তরাঞ্চলের বোলিং কোচ তারেক আজিজ, ‘বিপিএলে কিন্তু এবার চমৎকার উইকেট হয়েছে। আমরা আশা করতে পারি মিরপুর তার সেই চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটা খেলোয়াড়রা দুইভাবেই রপ্ত করার সুযোগ পাবে।’
- বিষয় :
- বিসিএল
