ফাইনাল ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে ভারত
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ১৯:১৩ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ১৯:২০
শিরোপা নির্ধারণী মহারণে টস ভাগ্য সহায় হলো নিউজিল্যান্ডের। টস জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালেও টস জিতেছিল কিউইরা। সেদিন রান তাড়ায় প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে তারা। ফাইনালেও সেই চেনা ফর্মুলাতেই হাঁটতে চাইছে নিউজিল্যান্ড। টস জয়ের পর রোমাঞ্চিত স্যান্টনার বলেন, ‘এমন একটি রাতের জন্যই আমরা খেলাটা খেলি। আশা করছি, দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে এবং মাঠে আমরা আমাদের সেরাটাই উপহার দিতে পারব।’
টস হারলেও শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ায় কোনো আপত্তি নেই ভারতীয় শিবিরের। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, টস জিতলে তারাও আগে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন। বড় মঞ্চে স্কোরবোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা ভারতের।
মেগা ফাইনালের জন্য নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। কোল ম্যাকনকির জায়গায় দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকব ডাফি। তবে ভারত তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে সূর্যকুমারের দল। অর্থাৎ স্পিনার বরুণ চক্রবর্তী আজও নিজের জায়গা ধরে রেখেছেন।
ভারত একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সুর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিভম দুবে, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।
- বিষয় :
- নিউজিল্যান্ড
- ভারত
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
