ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেষ হলো অসংখ্য রেকর্ডের বিশ্বকাপ

শেষ হলো অসংখ্য রেকর্ডের বিশ্বকাপ
×

ছবি- আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৩:০০

ব্যাটে-বলে এক মাস ধুন্ধুমার লড়াই শেষে গতকাল আহমেদাবাদে হয়ে গেলে টি২০ বিশ্বকাপের দশম আসরের ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ এ আসরে আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর দারুণ খেলা ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। অভিষেক আসরেই জয়ের দেখা পেয়েছে ফুটবলের দেশ ইতালি। আইসিসির পূর্ণাঙ্গ সদস্যদের বাইরে কেউই সুপার এইটে নাম লেখাতে পারেনি। এবারের আসরের আলোচিত পাঁচটি ঘটনা সমকাল পাঠকদের সামনে তুলে ধরা হলো।

পাকিস্তানের অংশগ্রহণ: বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ায় বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিশ্বকাপ খেলার ঘোষণা দেয় পাকিস্তান সরকার। তবে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে তারা ভারতের বিপক্ষে খেলবে না বলে জানায়। শেষ পর্যন্ত অবশ্য আইসিসি কর্তাদের প্রচেষ্টায় পাকিস্তান এ বয়কট থেকে সরে আসে। পূর্ব সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি হয় পাকিস্তান-ভারত ম্যাচ। 

ডাবল সুপার ওভার: এবারের বিশ্বকাপের সেরা ম্যাচটি হয়ে গেছে আসরের শুরুতেই। ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানদের লড়াই টানটান উত্তেজনা ছড়িয়ে টাই হয়। ২০ ওভারে উভয় দল ১৮৭ রান করে সংগ্রহ করে। এরপর সুপার ওভারে গিয়েও রোমাঞ্চ ছড়িয়ে টাই হয়, উভয় দল ১৭ রান করে তোলে। অবিশ্বাস্যভাবে খেলা গড়ায় দ্বিতীয় সুপার ওভারে, সেখানে প্রোটিয়ারা ২৩ ও আফগানিস্তান ১৯ রানে থামে। দুর্দান্ত এক জয়ের আনন্দে মেতে ওঠেন মিলার-স্টাবসরা।

অস্ট্রেলিয়ার পতন ও জিম্বাবুয়ের উত্থান: এবারের আসরের অন্যতম চমক ছিল অস্ট্রেলিয়ার পতন ও জিম্বাবুয়ের উত্থান। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে সুপার এইটে যেতে পারেনি মহাশক্তিধর দলটি। অবশ্য তাদের এই খারাপ ফলাফলের পেছনে চোটের ভূমিকা রয়েছে। চোটের কারণে প্যাট কামিন্স, যশ হ্যাজেলউডসহ সেরা পেসারদের প্রায় সবাই ছিলেন অনুপস্থিত। অধিনায়ক মিচলে মার্শ ও ব্যাটার টিম ডেভিড চোটের কারণ সব ম্যাচ খেলতে পারেননি। তাদের বিপরীত অবস্থা জিম্বাবুয়ে শিবিরে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে সুপার এইটে খেলেন সিকান্দার রাজা ব্রায়ান বেনেটরা, যদিও সুপার এইটে তারা ভালো করতে পারেননি।

বোলিংয়ে শালউইক ও ব্যাটিংয়ে ফারহান: বড় তারকাদের পেছনে ফেলে এবারের আসরে বোলিংয়ে দাপট দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ক্লড ভ্যান শালকউইক। আইসিসির সহযোগী সদস্য দেশটির এ পেসার মাত্র চার ম্যাচে ১৩ উইকেট নিয়ে ফাইনালের পূর্ব পর্যন্ত উইকেট শিকারে এক নম্বরে ছিলেন। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এ পেসার আসরের দুই শক্তিধর ভারত ও পাকিস্তানের বিপক্ষে ৪টি করে উইকেট নিয়ে চমক দেখান। রান সংগ্রহে শীর্ষে আছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এক আসরে জোড়া সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার তিনি।

ব্যাটিং রেকর্ডের ছড়াছড়ি: ২০২৬ টি২০ বিশ্বকাপ ছিল ব্যাটারদের জন্য ‘স্বর্গরাজ্য’। ব্যাটিংয়ে বেশ কিছু রেকর্ড হয়েছে এবারের আসরে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৫৩ রান করে ভারত, যা কুড়ি ওভারের বিশ্বকাপের নকআউটের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। রেকর্ড হয়েছে অন্য সেমিতেও। দক্ষিণ আফ্রিকার ১৬৯ রান তাড়া করতে গিয়ে ৩৩ বলে সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, যা টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম। আগের রেকর্ডটি ক্রিস গেইলের, ২০১৬ বিশ্বকাপে ৪৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ রানের জুটি গড়েছিলেন, যা টি২০ বিশ্বকাপ ইতিহাসে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও টিম সেইফার্টের। চলতি আসরে আরব আমিরাতের বিপক্ষে ১৭৫ রানের জুটি গড়ে রেকর্ডটি করেছিলেন তারা। 

আরও পড়ুন

×