ছয় গোলে জিততে হবে বাংলাদেশকে
ছবি- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৩:০৯
১২ দলের প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়েছে ভারত ও ইরানের। আট কোয়ার্টার ফাইনালিস্টের মধ্যে চূড়ান্ত হয়েছে পাঁচ দলের। গ্রুপ ‘এ’ থেকে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়া, গ্রুপ ‘বি’ থেকে উত্তর কোরিয়া এবং চীন আর গ্রুপ ‘সি’ থেকে শেষ আটে উঠে গেছে জাপান। বাকি তিন টিকিটের মধ্যে চায়নিজ তাইপের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বেশি। আর সেরা দুই তৃতীয় হওয়ার লড়াইয়ে আছে বাংলাদেশ। আজ উজবেকিস্তানের বিপক্ষে কমপক্ষে ছয় গোলে জিততে হবে আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের।
গ্রুপ ‘বি’তে চীন ও উত্তর কোরিয়ার কাছে হেরে যাওয়া পিটার বাটলারের দলের পয়েন্ট শূন্য। গোল পার্থক্য মাইনাস ৭। এই গ্রুপে উজবেকিস্তানের পয়েন্ট শূন্য হলেও বাংলাদেশের চেয়ে এক গোল কম হজম করায় তাদের গোলপার্থক্যে মাইনাস ৬। তারা র্যাঙ্কিংয়ে তৃতীয় হওয়ার তালিকায় আছে। তাদের অবস্থান তিন নম্বরে। সেরা দুই তৃতীয় হওয়ার তালিকায় আছে ভিয়েতনাম ও ফিলিপাইন। দুই দলেরই সমান পয়েন্ট ৩।
গোল পার্থক্যে এগিয়ে ভিয়েতনাম। ফিলিপাইনের গোল পার্থক্য মাইনাস ২। এর মধ্যে ফিলিপাইন তাদের গ্রুপের সব ম্যাচ খেলে ফেলেছে। ফিলিপাইনের ওপরে থাকলে হলে বাংলাদেশকে জিততে হবে কমপক্ষে ৬-০ গোলে। তাহলে বাংলাদেশের গোলগড় -৭ থেকে -১ এ আসবে। তাহলেই বাংলাদেশ তৃতীয় হওয়া তিন দলের সেরা দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত হবে।
ভিয়েতনামের শেষ ম্যাচ আগামীকাল জাপানের বিপক্ষে। শক্তির বিবেচনায় এই ম্যাচে ফেভারিট জাপানই। যদি ভিয়েতনাম জাপানের কাছে হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট তিনই থাকবে। গোলপার্থক্যে মাইনাসে গিয়ে ঠিকবে।
- বিষয় :
- নারী ফুটবল
- এশিয়ান কাপ
