ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চ্যাম্পিয়ন হয়ে কত কোটি টাকা পেল ভারত?

চ্যাম্পিয়ন হয়ে কত কোটি টাকা পেল ভারত?
×

ছবি- আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৪:০২

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে স্বাগতিক ভারত। প্রথম দল হিসেবে টানা দুবার এবং সব মিলিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো এই ট্রফি ছুঁয়ে দেখার অবিস্মরণীয় কীর্তি গড়ল ‘মেন ইন ব্লু’রা। 

রোববার রাতে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা-উল্লাসে মাতেন গৌতম গম্ভীরের শিষ্যরা। মাঠে নেচে-গেয়ে ট্রফি উদযাপনের পাশাপাশি আইসিসির কাছ থেকেও বিপুল অঙ্কের আর্থিক পুরস্কার পকেটে পুরেছে সূর্যকুমার যাদবের দল।

চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার বিশাল প্রাইজমানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত আসরের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০২৪ সালের চ্যাম্পিয়ন হয়ে রোহিত শর্মার দল জিতেছিল প্রায় সাড়ে ২৯ কোটি টাকা। এবার তাদের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি পেয়েছেন সূর্যকুমাররা।

ফাইনালে বিজয়ী হয়ে ভারতের পকেটে ঢুকেছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা।  রানার্সআপ দল হিসেবে কিউইরা পেয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকা। শেষ চার থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড পেয়েছে ৯ কোটি ৬৩ লাখ টাকা করে। সুপার এইট পর্বে অংশ নেওয়া প্রতিটি দলের ব্যাংক অ্যাকাউন্টে গেছে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। এছাড়া টুর্নামেন্টের প্রথম রাউন্ড বা গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর প্রত্যেকে পেয়েছে ৩ কোটি টাকা করে।

আইসিসির এই নির্ধারিত প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছে বড় অঙ্কের পুরস্কার। গতবার বিশ্বকাপ জয়ের পর আইসিসির প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে দাপটের সঙ্গে শিরোপা উঁচিয়ে ধরায় সূর্যকুমার-বুমরাহদের জন্য হয়তো আরও বড় অঙ্কের পুরস্কার অপেক্ষা করছে।

আরও পড়ুন

×